চট্টগ্রামে বিএনপি নেতার কাছ থেকে রিভলবার উদ্ধার
গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. শাহ আলমের হেফাজত থেকে র্যাব একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব বুধবার দুপুরে তাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছিল।
র্যাব সূত্র জানায়, চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতে র্যাব-৭ এর একটি দল নগরীর ডেবার পাড় বায়তুল আমান সোসাইটির একটি বাসা থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি জাহাঙ্গীর আলম জানান, জিজ্ঞাসবাদে শাহ আলম স্বীকার করেছে এই রিভলবারটি তার এবং সেটি সে তার সহযোগী মো. দুলালের বাসায় লুকিয়ে রেখেছিল। সেখান থেকে রিভালবারটি উদ্ধার করা হয়। তবে দুলালকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শাহ আলমকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে নগরী ও জেলার পাঁচটি থানায় তিনটি খুনসহ পাঁচটি মামলা রয়েছে।
