চট্টগ্রামে কাঠ ব্যবসায়ীর আত্মহত্যা
ফটিকছড়ি উপজেলায় এক কাঠ ব্যবসায়ী ফাঁসিতে আত্মহত্যা করেছেন। পাওনা টাকা পরিশোধ করতে না পেরে বুধবার গভীর রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের খিরাম গ্রামে নুরুল ইসলাম (৪০) আত্মহত্যা করেন বলে ধারণা হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, নুরুল ইসলামের কাছে তিনজন ব্যবসায়ী টাকা পেতেন। পাওনাদার জসিম উদ্দিন, বখতিয়ার ও কালন পাওনা টাকা নেওয়ার জন্য বুধবার রাতে তার বাড়িতে আসেন। পরদিন পাওনা প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে গ্রামে সালিশ বসার কথা ছিল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবারের সদস্যদের উদ্ধৃত করে বলেন, রাতে একটু কাজ আছে বলে নুরুল ইসলাম বাড়ির বাইরে যান। রাতে আর বাড়ি আসেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
তিনি বলেন, নুরুল ইসলামের আত্মহত্যার সংবাদে গ্রামবাসী তার বাড়িতে রাত্রিযাপন করা তিন পাওনাদারকে ধরে মারধর করে এবং আটকে রাখে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাওনাদার তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
