সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ
বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই ভোলা-২ আসনে বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য একটি মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে আদেশ দিয়েছেন আদালত।
ভোলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাস বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। এর আগে র্যাব ও পুলিশ কড়া পাহারায় হাফিজ ইব্রাহিমকে আদালতে হাজির করা হয়।
আদালতে পুলিশ দুটি মামলায় হাফিজ ইব্রাহিমের ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। কিন্তু আদালত তা মঞ্জুর না করে বোরহানউদ্দিন থানায় দায়ের হওয়া মামলায় সাবেক সাংসদকে যে কোনো একদিন ভোলার জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন আহমেদ বাদী গত ১৫ মার্চ এই মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের নির্বাচনের সময় হাফিজ ইব্রাহিমসহ আরো ১৬ বিএনপি নেতাকর্মী বাদীর উপর বোমা হামলা ও গুলি চালিয়েছেন।
এছাড়া গত ১৪ মার্চ দৌলতখান থানায় হাফিজ ইব্রাহিমকে প্রধান আসামী করে বিএনপির ২৯ নেতা কর্মীর নামে হামলা-ভাংচুরের অভিযোগে আরো একটি মামলা করেন ফার্নিচার ব্যবসায়ী আলাউদ্দিন।
বৃহস্পতিবার আসামী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হক।
