তিতাসের কূপে ৫৪ ঘণ্টায় পুড়েছে ৭৩ লাখ টাকার গ্যাস
বিশেষজ্ঞদের জরিপ ছাড়া তিতাস গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপের উদগীরণের কারণ বের করা যাবে না। প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুড়িয়ে আপাতত ওই কূপের গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৫৪ ঘণ্টায় সেখানে ৭৩ লাখ টাকার গ্যাস পোড়ানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পেট্রোবাংলা, বাপেক্স ও বিজিএফসিএলের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় পেট্রোবাংলার পরিচালক মেজর (অব.) মোকতাদির আলী, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহূদুল আবেদীন, জিএম আব্দুল বাকী ও আমজাদ হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে তিতাস গ্যাস ক্ষেত্রের তিন নম্বর লোকেশনের পূর্ব পাশের এলাকায় গ্যাস উদগীরণের কারণ হিসেবে ১০ নম্বর কূপে সিমেন্টের ভিত্তির দুর্বলতাকে চিহ্নিত করা হয়।
বাপেক্স ওই কূপের গ্যাস উদগীরণ সাময়িকভাবে বন্ধের উদ্যোগ নিলেও কারিগরি জটিলতায় কূপটি বন্ধ করা যায়নি। এ অবস্থায় গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য গ্যাস পুড়িয়ে ফেলা শুরু হয়।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, এ ব্যাপারে একটি বিদেশি বিশেষজ্ঞ দল তিন দিনের মধ্যে বাংলাদেশে আসছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পর পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে।
