চট্টগ্রাম ওয়াসার ‘মাস্টার প্ল্যান’ এর সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্প গ্রহণ
চট্টগ্রাম মহানগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়নে ‘মাস্টার প্ল্যান’ প্রণয়নের সম্ভাব্যতা যাচাই করতে প্রায় ১৫ লাখ ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
এ প্রকল্পে ১৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার অনুদান দেবে কোরীয় সরকার। বাকি ২৫ হাজার ডলার যোগাবে বাংলাদেশ সরকার।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তা পর্যায়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী এবং কোরিয়ার ইন্টারন্যাশনাল কো-অপারেশন এর প্রতিনিধি কিম চাং সুপ এতে স্বাক্ষর করেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, সচিব সফররাজ হোসেনসহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৫ মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে। এ সময় সংশ্লিষ্টরা মাস্টার প্ল্যান প্রণয়ন ছাড়াও জরুরি বাস্তবায়নযোগ্য অগ্রাধিকার প্রকল্প চিহ্নিত করা, সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন ও ব্যয় প্রাক্কলন নির্ধারণ করবে।
