শেরপুরে জেএমবির আরও দুই জঙ্গি গ্রেপ্তার
সদর উপজেলার চর জঙ্গলদি গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত চারদিনে জেলা সদরের বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৭ জঙ্গিকে গ্রেপ্তার করলো।
গ্রেপ্তারকৃতরা হলেন, চর জঙ্গলদি গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহাদাত হোসেন বিপ্লব (১৯) ও আবদুল কাদেরের ছেলে কাইয়ূম (১৯)। তারা দুজনই শেরপুর সরকারি কলেজের øাতক প্রথম বর্ষের ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুজনই জেএমবির তালিকাভুক্ত সদস্য। জেএমবির ২০০৩ সালের সদস্য তালিকায় তাদের নাম রয়েছে।
এদিকে বুধবার গ্রেপ্তারকৃত জেএমবির দুই জঙ্গিকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
গত চারদিনে গ্রেপ্তারকৃত ১৭ জঙ্গির মধ্যে শেরপুর-জামালপুর অঞ্চলের আঞ্চলিক কমাণ্ডার মাসুদ রানাও রয়েছেন।
