নীলফামারীতে ৪ স্কুল ছাত্রী হাসপাতালে
টিফিনের সময় হোটেল থেকে কিনে আনা পরোটা খেয়ে নীলফামারী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর চার ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হচ্ছে মহিমা, আর্জিনা, কানিজ ফাতেমা ও পাপড়ি। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, বুধবার দুপুরে টিফিনের সময় চার বান্ধবী মিলে হোটেল থেকে কিনে আনা পরোটা খেয়ে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে।
শিক্ষকরা তৎক্ষণাৎ তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক মেডিকেল কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারে। এদের মধ্যে মহিমার অবস্থা আশংকাজনক।
