চট্টগ্রামের সাবেক সাংসদ সোনা রফিককে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী
চট্টগ্রাম থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ওরফে সোনা রফিককে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী।
বুধবার রাতে যৌথবাহিনীর সদস্যরা তাকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত তার বাসায় পৌঁছে দেন বলে জানা গেছে।
রফিকুল আনোয়ারের ব্যক্তিগত কর্মকর্তা তুষার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বুধবার রাত ১১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঢাকা থেকে তাকে চট্টগ্রামের বাসায় পৌঁছে দেয়।
সাবেক এই সাংসদের বাসায় ফোন করা হলে মো. আইয়ুব নামে একজন ফোন ধরে বলেন, “গতরাতে এমপি সাহেবকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি এখন বিশ্রাম করছেন।”
গত ২৫ মার্চ গভীর রাতে ঢাকার পুরানা পল্টনের একটি বাসা থেকে সোনা রফিককে আটক করা হয়। এরপর থেকে তিনি যৌথবাহিনীর হেফাজতে ছিলেন।
তিনি ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৪ ফটিকছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
