কাজী জাফরউল্যাহ ও অসীম কুমার উকিল গ্রেপ্তার
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত আটটায় কাজী জাফরউল্যাহকে তার গুলশানের এবং সোয়া আটটায় অসীম কুমার উকিলকে তার মিরপুর-২ এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
রাত আটটা ২০ মিনিটে কাজী জাফরউল্যাহর বাসার গৃহকর্মী নাদিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার গেটের কাছ থেকে সাদা পোশাকধারী লোকজন তাকে তুলে নিয়ে যায়।
অন্যদিকে গোয়েন্দা পুলিশের একজন সহকারী কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসীম কুমার উকিলকে রাত সোয়া আটটায় গ্রেপ্তার করা হয়েছে। অসীম কুমার উকিলের স্ত্রী অপু উকিল রাত ৮টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুক্ষণ আগে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।”
এদিকে রাত সাড়ে আটটার দিকে ‘গোয়েন্দা সংস্থার কর্মকর্তা’ পরিচয় দিয়ে এক ব্যক্তি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের ধানমন্ডির বাসায় যান। তিনি বাসার নিরাপত্তা রক্ষীর কাছে আব্দুর রাজ্জাক বাসায় আছেন কিনা জানতে চান। ওই নিরাপত্তা রক্ষী জানান, ওই সময় আব্দুর রাজ্জাক বাসায় ছিলেন না।
