২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যা মামলা: সাক্ষীরা আসেননি, নতুন তারিখ ২৩ মে

সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় বুধবার সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ মে নতুন তারিখ ধার্য করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বুধবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন।

১৯৮১ সালের ৩১ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযাগে পরদিন মেজর জেনারেল আবুল মঞ্জুরকে আটক করা হয়। চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত সেনাদের গুলিতে নিহত হন তিনি।

মঞ্জুর হত্যাকাণ্ডের ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৩ ফেব্রুয়ারি তার ভাই ব্যারিস্টার আবুল মনসুর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদসহ ৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।

মামলার তিন আসামি মেজর (অব.) এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও হুসেইন মুহম্মদ এরশাদ জামিনে রয়েছেন। অপর দুই আসামি মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও মেজর (অব.) শামসুর রহমান শামসের বিচার কাজ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

বুধবার সাক্ষ্যগ্রহণের দিন থাকায় এমদাদুল হক ও মোস্তফা কামাল আদালতে হাজির হন। তবে এরশাদের পক্ষে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য সময় চাওয়া হয়।

এ মামলায় এ পর্যন্ত মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া করা হয়েছে। সর্বশেষ গত ২১ মার্চ সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) নুরুউদ্দিন খান সাক্ষ্য দেন। বুধবার কয়েকজন সেনা কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তারা আদলতে উপস্থিত হননি।