বিচারপতি ফয়জী বেতন পাবেন কিনা জানতে চায় হিসাব শাখা
সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর বেতন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ছুটিতে না থেকেও বিচারকাজে অংশ না নেওয়ায় তাকে বেতন দেওয়া যায় কিনা, সে বিষয়ে প্রধান বিচারপতির অভিমত চেয়েছে হাইকোর্টের হিসাব শাখা। বুধবার এ সংক্রান্ত একটি নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিমকোর্টের একজন উর্ধ্বতন কর্মকর্তা বুধবার সাংবাদিকদের জানান, “বিচারপতি ফয়জী ছুটিতে নেই। আবার বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চেও যাচ্ছেন না। এ অবস্থায় তাকে বেতন দেওয়া যায় কিনা, কিংবা দেওয়া গেলে কী হিসেবে দেওয়া হবে, সে বিষয়ে প্রধান বিচারপতির অভিমত চাওয়া হয়েছে।”
তবে বিচারপতি ফয়জী মার্চের বেতন পেয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বিচারপতি ফয়জী নতুন করে কোন ছুটির আবেদন করেননি বলে নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব কবির আহমেদ।
জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ ফয়সল মাহমুদ ফয়জীসহ দুই হাজার ৪০০ জনের সনদ বাতিল করে।
৪ মার্চ এই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলে বিচারপতি ফয়জী ওইদিন বিচারকাজে না বসে একদিনের ছুটির আবেদন করেন। পরদিন তিনি ১৫ মার্চ পর্যন্ত ছুটির আবেদন করেন। ১৫ মার্চ পুনরায় তিনি ২৫ মার্চ পর্যন্ত ছুটির আবেদন করেন প্রধান বিচারপতির কাছে। এরপর তিনি আর ছুটির আবেদন করেননি।
বিচারপতি ফয়জীর বিরুদ্ধে ফল জালিয়াতির অভিযোগ তদন্তে ২৮ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক বসে।
এদিকে বিচারপতি ফয়জীর সনদ বাতিলের সিদ্ধান্তের ওপর ১৯ মার্চ স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
