২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদদের বোঝা উচিত দেশে এখন কঠিন অবস্থা বিরাজ করছে: মইনুল

দেশে এখন কঠিন অবস্থা বিরাজ করছে। রাজনীতিবিদদের উচিত এ অবস্থাটা বোঝা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমানকে বিদেশে পাঠিয়ে দেওয়া সংক্রান্ত বিভিন্ন সংবাদ ও গুজবের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার সাংবাদিকদের একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

যোগাযোগ উপদেষ্টা ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল করিমের সঙ্গে প্রায় দেড় ঘন্টাব্যাপী বৈঠক শেষে উপদেষ্টা বলেন, “কোন কোন সংবাদপত্রে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি জনসমক্ষে তুলে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি পাঠাবো। এতে সার্বিক অবস্থা তুলে ধরা হবে।”

তিনি বলেন, দেশে একটি সংকট বিরাজ করছে এবং সংকট আছে বলেই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংকট না থাকলে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতো না। সেনাবাহিনী সমর্থিত সরকারেরও প্রয়োজন হতো না।

সরকারের সঙ্গে জনগণের সমন্বয় সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন তিনি।