২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা ট্রেন চলাচল ১ জুলাই শুরু করতে চাচ্ছে বাংলাদেশ

আগামী ১ জুলাই থেকে ঢাকা ও কলকাতার মধ্যে ট্রেন চলাচল শুরু করার প্রস্তাব দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। জয়দেবপুর স্টেশন থেকে এই ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরুর কথা বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামরান রেজা চৌধুরী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুর রহমান সোমবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে এ মতামত জানিয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, ঢাকা থেকে কলকাতা অথবা কলকাতা থেকে ঢাকা আসতে একজন যাত্রীর জন্য ভাড়া সর্বনিম্ন ১০ মার্কিন ডলার হওয়া উচিত। যাত্রীদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী স্টেশন দর্শনায়।

তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ ও ভারতীয় প্রতিনিধিদের যৌথ বৈঠকে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল বৈঠকটি হতে পারে।

অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের প্রস্তাবই চূড়ান্ত নয়। ভারত ও বাংলাদেশ সরকার এ বিষয়ে অনুমোদন দেওয়ার পরই বিষয়গুলো চূড়ান্ত হবে।

রেলওয়ে সূত্র জানায়, জয়দেবপুর থেকে ঢাকা ক্যান্টনমেণ্ট স্টেশন পর্যন্ত চলমান ডুয়েল গেজ প্রকল্প জুনের মধ্যে শেষ না হলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন চলাচল শুরু করতে পারবে না। যে ট্রেনগুলো এই রুটে চলবে তা ব্রডগেজের। বর্তমানে দর্শনা থেকে জয়দেবপুর পর্যন্ত রেল লাইন ডুয়েল গেজের। ডুয়েল গেজের লাইন দিয়ে মিটার গেজ এবং ব্রড গেজ উভয় ধরনের ট্রেনই চলাচল করতে পারে।

বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী জুনের মধ্যেই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত ডুয়েল গেজ রেল লাইন বসানোর কাজ শেষ করা সম্ভব হবে।

ঢাকা ক্যান্টমমেন্ট ছাড়াও টাঙ্গাইল, ঈশ্বরদী ও দর্শনা স্টেশন থেকে যাত্রীরা এ ট্রেনে উঠতে পারবেন। ঢাকা থেকে কলকাতা যেতে কিংবা আসতে সাড়ে ১১ ঘণ্টার মতো সময় লাগবে। অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশে দর্শনা এবং ভারতের গেদে স্টেশনে লাগা দেড় ঘণ্টা সময়সহ এই সাড়ে ১১ ঘণ্টা হিসাব করা হয়েছে।

ঢাকা থেকে কলকাতা ট্রেন চলাচল করার ব্যাপারে বাংলাদেশ ও ভারত সরকার ২০০০ সালে চুক্তি স্বাক্ষর করে। ওই বছরই বাংলাদেশ রেলওয়ে একটি প্রস্তুতিমূলক ট্রেন চালায়। তবে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছরে ওই চুক্তি বাস্তবায়নে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ট্রেন চলাচল শুরু করার উদ্যোগ নিয়েছে।