সাতক্ষীরায় সাবেক সাংসদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
সাতক্ষীরা-৫ (শ্যামনগর) আসনের সাবেক সাংসদ জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের আবদুর রশিদ বাদী হয়ে শ্যামনগর থানায় এ মামলা দায়ের করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওশের আলী ও মামলার বাদী জানান, মামলার এজাহারে আবদুর রশিদ বলেছেন, সাবেক এই সাংসদ শ্যামনগর উপজেলার কাটাবাড়ি গ্রামের মিজান গাজী হত্যা মামলার বাদী আরব আলীর উপর প্রভাব খাটিয়ে তার ছেলে রবিউল ইসলাম ও চকবারা গ্রামের আমজাদ গাজীকে আসামী করে মামলা দায়ের করেন।
পরে ওই মামলা থেকে তার ছেলেকে অব্যাহতি দেওয়ার কথা বলে সাংসদ তার চাচা গাজী আবদুস সোবহানের মাধ্যমে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
নিরুপায় হয়ে ২০০৫ সালের ২৭ মে শ্যামনগরে ওই সাংসদের বাসভবনে গিয়ে ৫০ হাজার টাকা পরিশোধ করেন।
এ ঘটনায় সোমবার রাতে তিনি গাজী নজরুল ও তার চাচা আবদুস সোবহানের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে গাজী নজরুল ইসলাম কারাগারে রয়েছেন। গত ৯ মার্চ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে তিনি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
