২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্ল্যাকার শামসু’ খুলনায় গ্রেপ্তার

খুলনা জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ চোরাকারবারি শামসুর রহমান ওরফে ‘ব্ল্যাকার শামসুকে’ গ্রেপ্তার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পুলিশ জানায়, একাধিক মামলার পলাতক আসামী ব্ল্যাকার শামসুকে সকাল ১১ টার দিকে রূপসার রাজাপুর গ্রামের তার শ্বশুড় আবদুল হামিদ কাজীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পরে তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

খুলনার সহকারি পুলিশ সুপার আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বিডিআর সদস্যরা ২৩ মার্চ শ্যামনগর থানা এলাকা থেকে এক কোটি ৩২ লাখ টাকার চোরাই ১০০ বান্ডিল থ্রি পিস ও শাড়ি উদ্ধার করে। ভারত থেকে এসব চোরাই পণ্য নিয়ে আসার দায়ে ব্ল্যাকার শামসু ও তার চার সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়।

তিনি আরও জানান, ব্ল্যাকার শামসুকে ধরতে শ্যামনগর থানা পুলিশ খুলনা জেলা গোয়েন্দা পুলিশকে অনুরোধ জানালে তারা ওই অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের ব্ল্যাকার শামসু বলেন, “আমি ওই চোরাচালান মামলার সঙ্গে জড়িত নই। শ্যামনগরে উদ্ধার করা মালামালের মালিক মামুন ওরফে মতি।”

মতির পরিচয় সম্পর্কে তিনি জানান, সে কুখ্যাত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী খোদেজাকে বিয়ে করে। পরে স্ত্রীর অর্থ দিয়ে ও গহনা বিক্রি করে শুরু করে চোরাচালান ব্যবসা। মতি এখন খুলনাঞ্চলের চোরাচালান নিয়ন্ত্রণ করছে।