নির্বাচনের সময় বেঁধে দেওয়ায় সরকারের প্রশংসা করেছে ব্রিটেন
নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসা করেছে ব্রিটেন। মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী বলেন, নির্বাচনের সময় বেঁধে দেওয়ার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় তত্ত্বাবধায়ক সরকার। আশা করা যায় এ সময়ের মধ্যে তারা সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে।
খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, “এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একজন কূটনীতিক হিসাবে আমি তাই কোনো মন্তব্য করব না।”
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ব্রিটেনের নতুন ভিসা পদ্ধতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
নতুন এই পদ্ধতি কার্যকর হবে ২৫ এপ্রিল থেকে। ভিসা প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর ‘বায়োমেট্রিক তথ্য’ সংগ্রহ করা হবে। পরিচয় জালিয়াতি এবং অভিবাসন পদ্ধতির অপপ্রয়োগ ঠেকাতে ব্রিটিশ সরকার বিশ্বব্যাপী নতুন এই পদ্ধতি কার্যকর করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আনোয়ার চৌধুরী বলেন, “নতুন পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত আবেদনকারীদের ভিসা পেতে সাহায্য করবে। এর ফলে পরিচয় গোপন রাখা যাবে না বলে প্রকৃত আবেদনকারীদের আমরা সহজেই চিনতে পারব। এর ফলে আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যে ব্রিটেনে যাওয়া যাবে।”
তিনি আরো জানান, “প্রত্যেক আবেদনকারীর ডিজিটাল ছবি এবং ইলেকট্রনিক ফিঙ্গার প্রিন্ট ভিসা সেন্টারে রেখে দেওয়া হবে। অবশ্য এর জন্য অতিরিক্ত খরচ হবে না এবং সময়ও লাগবে খুব কম”।
