২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের অবৈধ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বছরে পৌনে তিন কোটি টাকা বাড়তি খরচ

সচিবালয়ের ৪৫৪টি কক্ষে নিয়ম বহির্ভূত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার ফলে প্রতিদিন কমপক্ষে ৯৬০০ কিলোওয়াট বিদ্যুৎ অতিরিক্ত খরচ হচ্ছে। আর এ জন্য সরকারকে বছরে দুই কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা বাড়তি গুনতে হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই তথ্য। জানাচ্ছেন এহসানুল হক বাবু ও আহমেদ দীপু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 02:33 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

নিয়ম অনুযায়ী যুগ্ম সচিবের নিচের পদমর্যাদার কোনও কর্মকর্তা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা পান না। কিন্তু সে বিধান অমান্য করেই অনেক কর্মকর্তা তাদের কক্ষে তা বসিয়েছেন। অবৈধভাবে জয়েন্ট বক্স থেকে নেওয়া এই সব সংযোগের কারণে যে কোনও সময় দুর্ঘটনাও ঘটতে পারে।

১৯৯৬ সালের ১৯ আগস্ট আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সরকারি কর্মকর্তাদের অফিস কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সুবিধা সংক্রান্ত গৃৃহীত সিদ্ধান্তটি এখনও কার্যকর রয়েছে। সে অনুযায়ী যুগ্ম সচিব অথবা একই পদ মর্যাদার কর্মকর্তা এবং এর ওপরের পদ মর্যাদার কর্মকর্তারাই কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা পান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সচিবালয়ে এখন ১১৮০টি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সরকারি বিধান অনুযায়ী ৬২৬টি কক্ষে তা স্থাপন করেছে গণপূর্ত বিভাগ। মন্ত্রী অথবা উপদেষ্টা, সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের কক্ষসহ ৪৫টি সভা কক্ষ ও বিভিন্ন সার্ভার কক্ষে এগুলো স্থাপন করা হয়।

আর বাকি ৪৫৪টি কক্ষে নিজ দায়িত্বে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করেছেন কক্ষের কর্মকর্তারা। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপদেষ্টাদের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা এবং সচিবদের একান্ত সচিব।

সূত্র জানায়, যুগ্ম সচিবের নিচের পদ মর্যাদার এই সব কর্মকর্তার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সংযোগ গণপূর্ত বিভাগ দেয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে জয়েন্ট বক্স থেকে বিদ্যুতের সংযোগ নিয়েছেন। ফলে মূল সরবরাহে অতিরিক্ত চাপ পড়ছে। পাশাপাশি শর্ট সার্কিটসহ যে কোনও ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকছে প্রতি মুহূর্তে।

সূত্র আরও জানায়, এই সব শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সংযোগ বিচ্ছিন্ন করা হলে গড়ে প্রতিদিন কমপক্ষে নয় হাজার ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ এবং এর বিল বাবদ প্রতিদিন ৭৬ হাজার ৮০০ টাকা সরকারের সাশ্রয় হবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের তৎপরতার মধ্যেই সচিবালয়ে চলছে এই সব অবৈধ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বিদ্যুৎ ব্যবহার সীমিত করে মাসে প্রায় দেড় লাখ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি সার্বক্ষণিক মনিটর করছে।

অবৈধ এই সব শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা স্বীকার করেছেন সেই কমিটির প্রধান জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে দেখা গেছে প্রায় সবকটি মন্ত্রণালয়েই যুগ্ম সচিবের নিচের একাধিক কর্মকর্তার কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। যুগ্ম সচিবের পদ মর্যাদার নিচের কোনও কর্মকর্তার কক্ষে যাতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকে সে ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”