তিন দিনের মধ্যে হাজির না হলে হারিছ চৌধুরীর অনুপস্থিতিতেই বিচার শুরু
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় হারিছ চৌধুরী তিন দিনের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ মোহাম্মদ মোমিনউল্লাহ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় এ নির্দেশ দেন। হারিছ চৌধুরীর সম্পত্তি ক্রোকের প্রতিবেদন আদালতে দাখিলের পর বিচারক এ আদেশ দেন।
বিচারক বলেন, হারিছ চৌধুরী তিন দিনের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচারকাজ শুরু হবে। এ আদেশের কপি হারিছ চৌধুরীর গুলশান ও সিলেটের বাড়িতে লটকে দেওয়ার নির্দেশ দেন আদালত।
সম্পদের হিসাব চাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তা দাখিল না করায় গত ৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে। জরুরি বিধিমালার আওতায় দায়ের করা মামলায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে রায় হলে তার তিন থেকে পাঁচ বছরের সাজা হতে পারে।
একই দিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। হারিছ চৌধুরী পলাতক থাকায় পরে তার সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করা হয়। গত রোববার তার গুলশানের বাসা থেকে একটি শোকেজ, দুটি ডাইনিং টেবিল, চারটি চেয়ার ও ২৭টি সিলিং ফ্যান জব্দ করে পুলিশ।
