২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর সরকারের ৩৬ বছর পুর্তি মঙ্গলবার

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরে কালের সাক্ষী এক আম গাছের নিচে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দেশের বিভিন্ন জেলা একের পর এক পাক সেনাদের দখলে চলে যাওয়ায় বিপ্লবী সরকার গঠনের জন্য মুজিবনগরকেই নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তৎকালীন বৈদ্যনাথ বাবুর আমবাগানের নামকরণ করা হয় মুজিবনগর। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবেও ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দি থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। খন্দকার মোশতাক আহামেদ আইন, সংসদীয় ও পররাষ্ট্র দপ্তর; কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং মনছুর আলী অর্থ দপ্তরের দায়িত্ব পান। সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পান কর্নেল এম এ জি ওসমানী।

সেদিনের সেই ঐতিহাসিক মুহূর্তে দেশ-বিদেশের শত শত সাংবাদিকের উপস্থিতিতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। তিনিই গণপ্রাজতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান। মেহেরপুরের ১২ জন আনসার সদস্য নবগঠিত সরকারকে গার্ড অব অনার প্রদান করেন।

সেদিনের সেই ঐতিহাসিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল মেহেরপুর ও মুজিবনগরের এক ঝাঁক নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মীর চেষ্টা ও সহযোগিতায়। যে ১২ জন আনসার সেদিন জাতীয় নেতাদের গার্ড অব অনার দিয়েছিলেন তাদের ছয়জনের শেষ জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। এরা হলেন ইয়াদ আলী, মফিজ উদ্দীন, নজরুল ইসলাম, কিছমত আলী, মহি উদ্দীন ও ফকির মুহাম্মদ।

বাকি ছয় আনসার আজিম উদ্দীন শেখ, লিয়াকত আলী, সিরাজুল ইসলাম, হামিদুল ইসলাম, সাহেব আলী ও অহির মল্লিক এখনো কোনোক্রমে বেঁচে আছেন।

মুক্তিযোদ্ধা ও মুজিবনগরবাসীরা আশা করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মুজিবনগর দিবসকে জাতীয় দিবস ঘোষণা করে দিনটিকে রাষ্টীয় মর্যাদায় পালন করার পদক্ষেপ নেবে।