চিনি বিক্রি না হওয়ায় পাওনা পাচ্ছেন না কেরুর আখচাষীরা
দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যাণ্ড কোং এর আখ মাড়াই মৌসুম শেষ হয়েছে গত মঙ্গলবার। তবে ৩১ কোটিরও বেশি টাকার চিনি বিক্রি না হওয়ায় আখ-চাষীদের পাওনা সাড়ে ৬ কোটি টাকাসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
কেরুর ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “চিনি বিক্রির জন্য ক্রেতা খোঁজা হচ্ছে। বিক্রি হলেই আখচাষী ও কর্মীদের পাওনা টাকা পরিশোধ করা হবে।”
২০০৬ সালের ১০ নভেম্বর ১৩ হাজার ৭৭৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাড়াই মওসুম শুরু করে কেরু অ্যান্ড কোং। কিন্তু এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। মওসুম শেষে উৎপাদিত চিনির পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৪৯৫ টন।
এদিকে ঋণপত্রের (এলসি) মাধ্যমে ভারত থেকে অবাধে চিনি আমদানির সুযোগ থাকায় এবং বেসরকারি চিনিকলে উৎপাদিত চিনিতে বাজার সয়লাব হয়ে যাওয়ায় চিনির দাম আকস্মকিভাবে পড়ে যায়।
এই পরিপ্রেক্ষিতে দফায় দফায় দাম কমিয়েও চিনি বিক্রি করতে ব্যর্থ হয় কেরু অ্যান্ড কোং। প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৩৫ টাকা পড়লেও শেষ পর্যন্ত ২৯ টাকা কেজি দরে চিনি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। জায়গার অভাবে অবিক্রিত চিনি মজুদ করা নিয়েও বিপত্তিতে পড়ে কর্তৃপক্ষ।
মাড়াই মৌসুমে উৎপাদিত চিনির মধ্যে ১০ হাজার ৮০০ টন এখনো অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ২৯ টাকা কেজি দরে যার বাজার মূল্য দাঁড়ায় ৩১ কোটি ৩২ লাখ টাকা।
আখচাষীদের পাওনা সাড়ে ৬ কোটি ও কর্মকর্তা-কর্মচারীদের ৫০ লাখ টাকা পরিশোধ এখন ওই চিনি বিক্রির ওপরই নির্ভর করছে।
