নওগাঁ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নওগাঁ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, সোমবার ৭ টায় নওগাঁ পোরশা সড়কের খাতুনতলি এলাকায় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস (বিকল্প পরিবহন-১, নং-ঢাকা-চ-৫) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে বাসটির হেলপার মিঠু (২৫) ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায় বলে জানা গেছে।
গুরুতর আহত তিনজন হলেন সেলিম (২২), সেলিমের বাবা রিয়াজ উদ্দিন (৫০) ও আতাবুল (২৫)। তাদের পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলা শহরের শহীদ হাসান চত্বরে সকাল ছয়টার দিকে এক সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ (১১) নামের এক স্কুল ছাত্র মারা গেছে।
সে দৌলতদিয়া গ্রামের মাসুদুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
সাইকেলে করে রাজু শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
