বিচার বিভাগ আলাদা করতে সরকারকে শেষবারের মত তিন সপ্তাহ সময়
বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে শেষবারের মত তিন সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। সাত মে এর মধ্যে বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তা জানানোর নির্দেশও দিয়েছে আদালত। বিচারবিভাগ আলাদা করতে গত সাড়ে সাত বছরে এ নিয়ে মোট ২৮ বার সময় নিল পাঁচটি ভিন্ন সরকার।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর পৃথককরণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার রায়ের পর এ সরকার আসার আগে পর্যন্ত ২৬ বার শেখ হাসিনা, লতিফুর রহমান, খালেদা জিয়া ও ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন সরকার এ রায় বাস্তবায়নের জন্য সময় নেয়।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে বিচার বিভাগ পৃথককরণের কাজ দ্রুত সম্পন্নের উদ্যোগ নিলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এই নিয়ে দুই বার আদালতের কাছ থেকে সময় চেয়ে নিল।
বিচার বিভাগ আলাদা করতে রোববার আরও আট সপ্তাহ সময় চেয়েছিল সরকার। সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এই আদেশ দেন।
শুনানির শুরুতে এটর্নি জেনারেল ফিদা এম কামাল ৮ সপ্তাহ সময় চাওয়াা ব্যাখ্যা দিয়ে বলেন, জুডিশিয়াল সার্ভিস এর বেতন কমিশন বিধিমালা সংশোধনের জন্য একটি সারসংক্ষেপ গত ১১ মার্চ প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়। বিষয়টি চার সপ্তাহ পর অনুমোদিত অবস্থায় ফেরত আসায় অর্থ বিভাগ গত ১২ এপ্রিলের চিঠিতে ৮ সপ্তাহ সময় চেয়েছিল।
এটর্নি জেনারেল আরও বলেন, বেতন কমিশন বিধিমালার সংশোধনী প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এতে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। পরিবর্তিত অবস্থায় পুরো কার্যক্রম সম্পন্ন করতে আরও চার সপ্তাহ সময় প্রয়োজন।
এ পর্যায়ে আদালত বলেন, ছোট দুইটি সংশোধনীর জন্য এত বেশি সময় লাগার কথা নয়। বিচার বিভাগ আলাদা হওয়ার প্রক্রিয়ার বাস্তবায়ন দেখার জন্য দেশ ও জাতি অপেক্ষা করছে। আদালত আল্লাহ ও জনগণের কাছে দায়বদ্ধ। বিচার বিভাগ পৃথককরণের জন্য সরকার অনেক সময় নিয়েছে। এত ছোট বিষয়ের জন্য যদি চার সপ্তাহ সময়ের দরকার হলে কীভাবে চলবে?
এটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়া সম্পন্ন করার সদিচ্ছা সরকারের রয়েছে।
আদালত বলেন, পৃথককরণের জন্য সরকারের সময় চাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয়েছে। এত দিন ধরে বিষয়টি আদলতের কার্যতালিকায় ঝুলে রয়েছে। এতে করে কেবল আদালত নয় পুরো জাতি বিরক্ত। শেষ বারের মতো সরকারকে সময় দেয়া যেতে পারে। তবে সরকার আর সময়ের আবেদন জানাতে পারবে না।
জবাবে এটর্নি জেনারেল বলেন, আদালতের এই মনোভাবের কথা সরকারকে জানিয়ে দেব।
আদালত বলেন, কেবল জানালে হবে না। বিষয়টি যাতে নিস্পত্তি হয় তা নিশ্চিত করতে হবে।
আদালত আরও বলেন, আদালতের সংশোধন করে দেওয়া বিধিমালা সরকার জারি করেছে। তারপরও ভুল হয়েছে। সেই ভুলও আদালত সরকারকে ধরিয়ে দিয়েছে।
এটর্নি জেনারেল বলেন, আদালতের এই সৎ কাজের প্রশংসা সারাদেশে হয়েছে। বিচার বিভাগ পৃথক করার প্রক্রিয়া সরকার যত্ন নিয়ে সম্পন্ন করতে চায়। আর এজন্যই সময় দরকার।
বিচার বিভাগ পৃথক করার রায়ের অপব্যাখ্যার দায়ে অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পদমর্যাদার নয় সরকারী কর্মকর্তার পক্ষে কৌঁসুলী টিএইচ খান তাদেরকে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানালে আপিল বিভাগ ৭ মে তাদের আবারও আসতে বলেন।
এর আগে পুরো প্রক্রিয়া শেষ করতে ১৮ মার্চ সরকারকে চার সপ্তাহ সময় দেয় আদালত।
গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরকারকে ফৌজদারী কার্যবিধি সংশোধনীসহ নিু আদালতের অবকাঠামোগত তথ্য ১৮ মার্চ সরকারকে দিতে বলেছিল আদালত। কিন্তুওই সময়ের মধ্যে সরকার তা করতে না পারায় সময়ের আবেদন করে।
এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ১৫ মার্চ আদালতকে বলেছিলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে চার সপ্তাহ দরকার। আদালত এই সময় দিলে এসব নির্দেশ যথাযথভাবে পালন করা সম্ভব।
সেসময় আদালত বলেন ১৫ এপ্রিল এর মধ্যেই আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
গত ১৬ জানুয়ারি সরকার বিচার বিভাগ পৃথককরনের জন্য জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করে। গত ২২ জানুয়ারি ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়।
