মাঝরাতে বাসাবোয় আগুন, দোকান ও গ্যারেজ ভস্মিভূত
রাজধানীর বাসাবোয় রোববার মধ্যরাতের পর অগ্নিকাণ্ডে একটি আসবাবপত্রের দোকান ও একটি রিকশা গ্যারেজ পুড়ে গেছে।
রাত পৌনে একটার দিকে ১/৮/৪ পূর্ব বাসাবোর উমায়েতের ফার্নিচারের দোকানে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের আবদুস সোবহানের রিকশার গ্যারেজ পুড়ে যায়। এ ছাড়া পাশের একটি স্বর্ণের দোকান ও ওষুধের দোকানের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ দু’টি দোকান থেকে মালামাল দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়।
সবুজবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা, উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, রাতা ১টা ৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আসবাবপত্রের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
