২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারগুলোকে সহায়তা দেবে সরকার

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের শিকার পোল্ট্রি খামার মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। প্রতিটি মুরগির ক্ষতিপূরণ হিসাবে তারা পাবেন ৭০ টাকা করে। মৎস ও পশুসম্পদ উপদেষ্টা সিএস করিম রোববার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, “পোল্ট্রি ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ক্ষতিগ্রস্ত ৩২টি পোল্ট্রি খামার মালিকদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে। মেরে ফেলা প্রতিটি মুরগির ক্ষতিপূরণ হিসাবে তাদের ৭০ টাকা করে দেওয়া হবে।”

এ পর্যন্ত ১০ জেলার ৩২টি ফার্মের মোট ৭৮ হাজার ৫শ ৬১টি মুরগি মেরে ফেলা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এজন্য ক্ষতিপূরণ হিসাবে প্রায় ৫৫ লাখ টাকা দেবে সরকার।

এছাড়া ক্ষতিগ্রস্ত ফার্ম মালিকদের বিনামূল্যে একবারের জন্য একদিন বয়সী মুরগির বাচ্চা সরবরাহ এবং একমাস সেগুলোর জন্য খাবার সরবরাহ করা হবে বলেও তিনি জানান।

সিএস করিম বলেন, মেরে ফেলা মুরগির সংখ্যার ভিত্তিতে সরকার ফার্মগুলোতে বাচ্চা ও খাবার সরবরাহ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ পোল্ট্রি সমিতির সভাপতি মশিউর রহমান বলেন, একটি নির্দিষ্ট সময় ধরে ক্ষতিগ্রস্ত ফার্ম মালিকদের সহায়তা দেওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

পশুসম্পদ উপদেষ্টা বলেন, “এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রামিত ফার্মগুলোর পূনর্বাসনের জন্য এর মালিকদের সহজ শর্তে ঋণ দিতে আমরা এনজিও এবং ব্যাংকগুলোকে অনুরোধ করেছি।”

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্তের জন্য পরীক্ষাগারের মান উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, “এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত করার আগে আবার আমরা বৈঠকে বসব।”