ফের রিমান্ডে মামুন
বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ষষ্ঠ দফায় রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ নিয়ে তাকে ৬টি মামলায় মোট ২৮ দিন রিমান্ডে পাঠানো হলো। শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় রোববার তার আরও তিনদিনের রিমান্ড আদেশ হয়েছে।
ধানমন্ডি থানায় মীর জাহিদ হোসেনের দায়ের করা চাঁদাবাজি মামলায় চারদিনের রিমান্ড শেষে রোববার দুপুর আড়াইটায় মহানগর মূখ্য হাকিম এ বি এম আবদুল ফাত্তাহর আদালতে আনার পর মামুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ধানমন্ডি থানায় দায়ের করা অপর মামলায় আদালতের পূর্ব আদেশেই মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আরেকটি মামলায় রোববার মামুনকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলেও অভিযোগ গঠনের শুনানি হয়নি। যথাসময়ে তাকে হাজির করা হয়নি বলে বিচারক মো. মমিনউল্লা আগামি ২২ এপ্রিল এই মামলার অভিযোগ গঠন ও শুনানির পরিবর্তিত তারিখ নির্ধারণ করেন।
গত ৯ এপ্রিল মোমেন লিমিটেডের শীর্ষ কর্মকর্তা খায়রুল বশরের শাহবাগ থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুন আল রশীদের আদালতে হাজির করা হয় মামুনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সাতদিনের রিমান্ড আবেদন জানালে আদালত তিন দিন মঞ্জুর করেন।
এই মামলার এজাহারে অভিযোগ করা হয়, হত্যার হুমকিসহ ভয়াবহ পরিণতির ভয় দেখিয়ে বাদীর কাছ থেকে ১০ কোটি ৩১ লাখ টাকা চেকের মাধ্যমে আদায় করেন মামুন। এ মামলায় মামুনসহ মোট সাত জনকে আসামি করা হয়েছে।
মামুনের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।
আকাশি রঙের গেঞ্জি ও বাদামি প্যান্ট পরা গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে রোববার আদালতে দেখা করেন তার স্ত্রী।
প্রসঙ্গত, মামুন এরইমধ্যে ধানমন্ডি, কাফরুল ও গুলশান থানার তিনটি চাঁদাবাজির মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
