ঝালকাঠিতে আইনজীবী হত্যার ঘটনায় আটক ৭
ঝালকাঠিতে পিপি হায়দার হোসেন হত্যার ঘটনায় যৌথবাহিনী রোববার সাত জনকে আটক করেছে।
এরা হচ্ছেন গোড়স্তান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শিকদার, ঝালকাঠি সরকারি শিশু (বালক) সদনের শিক্ষক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম ওরফে জসিম মাস্টার, তার রিকসাচালক শহীদ, নেছারাবাদ মাদ্রাসার ছাত্র সাইফুল, নিহত পিপির চাচাতো ভাই নজরুল ইসলাম ও মিন্টু হাওলাদার।
হায়দার হোসেন হত্যা মামলার তদন্তে জড়িত এক কর্মকর্তা জানান, আটককৃতদের র্যাব এবং পুলিশ যৌথভাবে থানায় জিজ্ঞাসাবাদ করছে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এর আগে র্যাব জিজ্ঞাসাবাদের জন্য মুকরঞ্জন এবং মনোরঞ্জকে আটক করেছিল। তাদেরকে শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”
১১ এপ্রিল রাতে দুই বিচারক হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট হায়দার হোসেনকে দুবৃত্তরা গুলি করে হত্যা করে।
