২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র অপহরণ ও হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্র আশরাফুল ইসলাম তুহীনকে (১৬) অপহরণ ও হত্যার ঘটনায় শনিবার ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

গ্রেপ্তারকৃতরা হলো-মজিবুর ওরফে মইজ্যা (৩৮), ইকবাল (২২), কলিম উল্লাহ ওরফে কাইল্যা (৪৫), মাহাম (৩৭), রুস্তম (৩০), সিরাজ ওরফে কুট্টি (৪৫), রমজান (২১), জহিরুল ইসলাম রানা (২০), ডালিম (১৮) ও লিটন (২৮)। এরা সবাই ২০০৪ সালে পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত উপজেলার শীর্ষ সন্ত্রাসী রকমতের ঘনিষ্ঠ সহযোগী এবং পেশাদার খুনী ও অপহরণকারী।

এদের মধ্যে ইকবাল, রুস্তম, রমজান, রানা ও ডালিমকে রোববার তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

স্কুলছাত্র তুহীনকে গত ২৪ মার্চ অপহরণ করা হয়। ওইদিন দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আরামবাগের বাসা থেকে বের হওয়ার পর তুহীনের আর কোনো খোঁজ পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। বিকেলে অপহরণকারীরা তুহীনের বাবা আড়াইহাজার উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী নজরুল ইসলামকে ফোন করে অপহরণের কথা জানায় এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর ৩১ মার্চ আড়াই হাজার উপজেলার সদাসদি ইউনিয়নের মেনুলকান্দি কবরস্থানের পাশ থেকে তুহীনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) জান্নাতুল হাসান জানান, অপহরণকারীরা মুক্তিপণ চাওয়ার সময় যে মোবাইল ফোনটি ব্যবহার করেছিল তার নম্বরের সূত্র ধরে প্রথমে কলিম উদ্দিন ওরফে কাইল্যাকে গ্রেপ্তার করা হয়। এরপর পটুয়াখালি থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের হোতা মজিবুর ওরফে মইজ্যাকে।

এছাড়া ঢাকার উত্তরা, শ্যামপুর, নরসিংদীর মাধবদী, নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইল, লামাপাড়া, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে বাকি আট জনকে গ্রেপ্তার করা হয়।

জান্নাতুল হাসান জানান, গ্রেপ্তার হওয়া সবাই ঠাণ্ডা মাথার পেশাদার খুনী। এদের মধ্যে রমজান ও রানা তুহীনকে খুন করার পর সন্দেহ এড়াতে তার বাসায় গিয়ে লাশ দেখে এবং জানাজা, দাফন ও কুলখানীতে অংশ নেয়। এই দুজনই ২৪ মার্চ তুহীনকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সবাই খুনের দায় স্বীকার করেছে বলে জানান তিনি।

পুলিশ জানায় এই অপহরণ ও খুনের ঘটনায় ১২/১৩ জন পেশাদার খুনী জড়িত। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া ১০ আসামীকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হলে তুহীনের মা, বাবা ও বড় ভাই সেখানে ছুটে আসেন। তুহীনের মা আসামীদের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় তুহীনের বাবা কাজী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামীদের সঙ্গে তাদের কোনো শক্রতা ছিল না। মুক্তিপণের জন্যই তুহীনকে অপহরণের পর খুন করা হয়েছে।