রাজশাহীর দুর্গাপুরে সংখ্যালঘু পরিবারে হামলার মামলায় ৩৩ জনের কারাদণ্ড
রাজশাহীর দুর্গাপুরে ছয় সংখ্যালঘু পরিবারের বাড়িতে লুট-পাট, ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান আইনালসহ ৩৩ জনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা রোববার বেলা ১২ টার দিকে আসামীদের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান আইনাল, খোদা বক্স, মনিরুদ্দিন, মোজাফ্ফর, ইন্তাজ, তামেজ, গোলাপ, সাত্তার, জেকের, আহাদ আলী, সিদ্দিক, আলী হোসেন, কাসেম, ইসরাইল, মজিবুর রহমান ওরফে মজিব, সেলিম, কালাম, তাহাজ, খলিল, বেলাল হোসেন, হবিবর, কোরবান, কাউসার, নজরুল, মুকুল, ওয়াহেদ, খালেক, মো. বেলাল, ইয়াজিদ, রফিক, মনির উদ্দিন ওরফে মুইল্যা, বাক্কার ও মকসেদ। আসামীরা সবাই বিএনপি নেতা-কর্মী ও সমর্থক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪০ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ভাঙ্গির পাড়ার একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ঝালুকা গ্রামের বেরাজ ও ভাঙ্গির গ্রামের অন্যান্য লোকের গন্ডগোল হয়। এর সূত্র ধরে ২০০০ সালের ১০ এপ্রিল বিকেল তিনটার দিকে এজাহারভুক্ত আসামীসহ বিএনপি নেতা ও ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান আইনালসহ ৭৫ জন এবং পাঁচ শতাধিক লোক লাঠি, ফলা, বল্লম, তীর-ধনুক ও হাসুয়া ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে ঝালুকা গ্রামে আক্রমণ চালায়।
আসামীরা গ্রামের কালি মন্দিরের কাছে গিয়ে প্রথমে ফাঁকা গুলি ছোঁড়ে এবং মন্দির ভাংচুর করে। আসামীদের ধারালো অস্ত্রের আঘাতে এসময় কোরবান, হকসেদ, তাইজুদ্দিন তাজু প্রমুখ মারাত্মকভাবে আহত হন। এ সময় হামলাকারীরা দশরথ কবিরাজ, অজিত কুমার কবিরাজ, সুকুমার, দিলীপ কুমার রনজিৎ কুমার দীপক কুমার, যোগেশ চন্দ্র, দীনেশ চন্দ্রের ঘর-বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। লুটপাট করে নিয়ে যায় গরু, ছাগল, স্বর্ণালংকার, নগদ টাকা, চাল-ডাল ও ঘরের আসবাব পত্র সব। এতে এসব পরিবারের ১৪ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া গ্রামের আরও ২১ জন মুসলমান পরিবারের বাড়িঘর ও দোকানপাটও ভাংচুর করে হামলাকারীরা।
আদালত সূত্রে জানা গেছে, এই ঘটনায় ঝালুকার ইমরান আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় জননিরাপত্তা আইনে ৭৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুর্গাপুর থানা পুলিশ ৭৩ জনকে অভিযুক্ত করে ওই বছরের ১২ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে সন্দেহাতীতভাবে ঘটনার প্রমাণ পাওয়ায় ৩৩ জন আসামীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
