২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের গ্রেপ্তারকৃত সন্ত্রাসী তপনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মাহবুব উল্লাহ তপনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নারায়ণগঞ্জ থানায় পৃথক দুটি চাঁদাবাজির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 04:19 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বিসমিল্লাহ্ পরিবহনের ব্যবস্থাপক মাহমুদুল কাদির তাঁর দায়ের করা মামলার এজাহারে অভিযোগ করেছেন, তপন তার প্রতিষ্ঠানের এক একটি বাস থেকে প্রতিদিন জোরপূর্ব্বক ২৪০ টাকা করে চাঁদা আদায় করতো। এভাবে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পাঁচ বছরে শুধু তাদের একটি বাস থেকেই তপন চার লাখ টাকা চাঁদা আদায় করেছে। চাঁদা না দিতে চাইলে বাস চলাচল বন্ধের হুমকি দিতো তপন ও তার লালিত সন্ত্রাসীরা।

শহরের আলম খান লেনের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী আলতাফ হোসেন খানও একই অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজ তপনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে পুলিশ রোববার দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছে।

র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী যুবদল সদস্য মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই তপনকে র‌্যাব-১১ গত বৃহস্পতিবার রাতে শহরের মিশন পাড়া থেকে গ্রেপ্তার করে।