স্বাস্থ্য পরীক্ষার জন্য পিজি হাসপাতালে মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) নেওয়া হয়েছে সাবেক পূর্তমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাসকে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে তাকে আরও একদিন রাখা হবে।
কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় কারা হাসপাতাল থেকে মির্জা আব্বাসকে সকাল সাড়ে ১০টায় পিজি হাসপাতালে আনা হয়। তাকে প্রিজন ওয়ার্ডে রাখা হয়েছে।
উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মির্জা আব্বাসের ডায়াবেটিসের মাত্রা বেড়েছে ও সুগার লেভেলে তারতম্য দেখা যাওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এছাড়া তার হাতে পায়ে পানি জমেছে ও ব্লাড প্রেসার অনিয়মিত হয়ে গেছে। তাই কারা চিকিৎসকদের পরামর্শে তাকে পিজিতে আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামীকাল সব ধরনের পরীক্ষার ফলাফল ও চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে গত ৮ এপ্রিল মির্জা আব্বাসকে ডায়াবেটিস সংক্রান্ত সমস্যার কারণে পিজিতে আনা হয়েছিলো।
গত ২৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দাখিল করে বেরিয়ে আসার পর যৌথবাহিনী মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে।
