২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জঙ্গি সন্দেহে ৮ জন গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে বগুড়ায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করা হয় চার জনকে। বাকিরা গ্রেপ্তার হয় গাবতলী উপজেলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 05:04 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে শহর থেকে হাকিম এম এ মান্নান (৩৭), এম এ রাজ্জাক (২৬), হেলালুজ্জামান লতিফ (২০) ও আবদুল্লাহ আল মাসুদ (১৯) নামে চার জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হাকিম মান্নান মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি নেতা আবদুুল আওয়ালের ভগ্নিপতি।

একটি ইসলামী জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন করে ওসি ইকবাল। তবে সংগঠনের নাম বলতে চাননি তিনি।

গত সোমবার একটি উড়োচিঠিতে বগুড়ার পুলিশ সুপার জামিল আহমেদের ওপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়। নাম ঠিকানাহীন ওই চিঠির শেষে শুধু জেএমবির থানা কমান্ডার পরিচয়টি উল্লেখ ছিল।

ওই ঘটনার পর থেকেই শহরের নিরাপত্তা জোরদার করা হয় বলে শামীম ইকবাল জানান।

এদিকে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলা শহর থেকে শাহজাহান আলী (৪২), আব্দুল্লাহ (৪৬), মেহেরুজ্জামান (৩২) এবং মিজানুর রহমান (৩৩) নামে চার জনকে গ্রেপ্তার করা হয়।