২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ উৎসব শেষে যান আর মানুষের জট

চার দশকের ঐতিহ্য ধরে রেখে ঢাকার রমনায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। শুধু ঢাকা নয়, দেশের সব প্রান্ত থেকে পাওয়া গেছে নানা আয়োজনে বর্ষবরণের খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বাংলা ১৪১৪ সনকে বরণ করে নেওয়ার উৎসব শেষে বাড়ি ফিরতে তীব্র যানজটের শিকার হয়েছেন রাজধানীবাসী।

রমনা পার্কের চারদিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখায় অতিরিক্ত চাপ পড়ে অন্য রাস্তাগুলোর ওপর। এতেই সৃষ্টি হয় অসহনীয় যানজটের।

যানজটে গাড়ী চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বেশিরভাগ সিএনজি অটোরিক্সা এবং ট্যাক্সিই শনিবার পথে নামেনি। রাস্তায় গাড়ীর সংখ্যাও তুলনামুলকভাবে অনেক কম ছিল বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।

প্রেসক্লাব থেকে শাহবাগ হয়ে বাংলামটর পর্যন্ত এবং মৎস ভবন থেকে কাকরাইল মসজিদ হয়ে শেরাটন হোটেল পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের গাড়ী ছাড়া অন্য সমস্ত যানবাহন চলাচল সম্পুর্ণ বন্ধ। ফলে মানুষ বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় যানবাহন পায়নি না। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা দেন।

উৎসব শেষে প্রচন্ড কষ্টে বাড়ি ফেরা একজন জানান, বাস, অটোরিক্সা এবং ট্যাক্সি না পেয়ে খিলগাঁও থেকে ধানমন্ডি পৌঁছাতে তার পাঁচবার রিক্সা পরিবর্তন করতে হয়েছে। সময় লেগেছে কমপক্ষে আড়াই ঘন্টা।

মতিঝিল থেকে মিরপুর, গাবতলী এবং ধানমন্ডির গাড়ী বের হয় চানখারপুল, পলাশী এবং নিউমার্কেট হয়ে। গাড়ীগুলোর মতিঝিলে ফিরেও যেতে হয় একই রুটে। আবার মিন্টু রোড ব্যবহারকারীদের যেতে হয় অন্যান্য রাস্তা দিয়ে।

অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে পুরো মহানগরীর এ যানজটকে খুবই স্বাভাবিক বলে দাবি করা হয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) জসিম উদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “যানজট তো হবেই। নববর্ষ উপলক্ষে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে। আমরা তো তাদের গায়ের ওপর দিয়ে গাড়ী চালিয়ে দিতে পারিনা।”

তিনি আরো বলেন, “যানজট নিরসনে আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়েছি। যেখানেই বেশি জট হয়েছে, সেখানেই দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রমনা পার্কের চতুর্দিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ী চলাচল বন্ধ থাকার কারণেই এতো যানজট দেখা দিয়েছে বলেও তিনি জানান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দ উদযাপনের চাপ ও প্রভাব পড়ে পুরো ঢাকাতেই। নগরীর রাস্তাগুলো সত্যিই চিত্রবৎ অনড় হয়েছিল প্রহরের পর প্রহর জুড়ে। মিরপুর, মালিবাগ, বাসাবো কিংবা উত্তরা থেকেও ছুটে আসেন অসংখ্য মানুষ। মানুষের ভিড়ে জট লেগে যায়। শাহবাগ মোড়ে প্রতিদিন ভিড় করা যানবাহনগুলো উচ্ছেদ হয়ে যায়। পরীবাগ থেকে ধানমন্ডি সাত মিনিটের স্কুটার-পথ পেরোতে সময় লেগেছে আড়াই ঘন্টা।

দেশ জুড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতি মেতেছিল তাদের সবচেয়ে বড় উৎসবে। কোথাও কোনো কমতি ছিল না। এরমধ্যেও রাজধানীবাসী এমনকি পুরো দেশবাসীর আকর্ষণ ছিল ঐতিহ্যে পরিণত হওয়া রমনায় ছায়ানটের অনুষ্ঠান আর চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার প্রতি।

চারুকলার মঙ্গল শোভাযাত্রায় কচ্ছপ, বাঘ, হাতি, লক্ষীর সরা, মুখোশ আর হাতপাখা নেতৃত্ব দিয়েছিল পুরো রমনা জুড়ে ছড়িয়ে পড়া মিছিলে। পেছনে ছিল বাঘ-হারিণের মুখোশ আর প্রিয় লাল-সবুজ হাতে পায়ে হাঁটা অগুনতি নাগরিক। কারো হাতে বাঁশি-ভেঁপু কারো মুখ রঙ্গিন হাওয়াই মেঠাই এর স্বপ্নবিলাস। সবার বয়স থমকে গেল নতুন আবিষ্কারের শিশুতোষ সময়ে। সকাল ৯টায় চারুকলার মঙ্গল শোভাযাত্রা চারুকলা প্রাঙ্গণ ছেড়ে বের হতেই হারিয়ে যায় মানুষের ঢলে। মঙ্গলের আহ্বান এবং অশুভকে পরাজিত করার শপথ নিয়ে হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রার শুরু দেখা গেলেও শেষ দেখা যায়নি।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথক বানী দিয়েছেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার বানীতে বলেন, অতীতের বিভেদ ভুলে নববর্ষ আমাদের সবাইকে কল্যাণমূখী চিন্তাধারায় সমৃদ্ধ করুক। আবহমান কাল ধরে গ্রাম বাংলার মানুষের সঙ্গে বাংলা সালের সম্পর্ক অবিচ্ছেদ্য।

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তার বাণীতে বলেছেন, বাংলা নর্ববর্ষ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সার্বজনীন একটি উৎসব। এটি সর্ববৃহৎ সামাজিক ও গণমূখী উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখ আমাদের আত্মজাগরণের দিন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নববর্ষ উপলক্ষ্যে দেয়া বাণীতে বলেছেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস ধরে রাখতে হবে। নববর্ষের প্রথম দিনে দেশবাসীকে উজ্জল ভবিষ্যতের নবযাত্রার আহ্বান জানিয়েছেন।

আমেরিকায় অবস্থায়রত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বাণীতে জনগণের সুখ সমৃদ্ধি ও শাস্তির আশাবাদ করেছেন। তিনি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গঠনের সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বর্ষবরণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার বিকেল তিনটা থেকে রমনা পার্কে জনসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। শনিবার ভোর ৪টার পর থেকে দেহ তল্লাশি করে আগতদের ভিতরে ঢুকতে দেয়া হয়। দেহ তল্লাশি করায় রমনার প্রবেশ গেটগুলোতে ভিড় জমে যায়। আগে থেকে ঘোষণা না দেওয়ায় ক্যামেরা নিয়ে আসা মানুষরা বিপাকে পড়ে যান। সিগারেট, পত্রিকা, খাবার ও ক্যামেরা নিয়ে কাউকে পুলিশ ঢুকতে দেয়নি। শুধু রাজধানী নয়, সারাদেশেই বর্ষবরণ অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সূত্র জানায়, বাংলা নববর্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিডিআর ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে জনসাধারণের মধ্যে মিশে গিয়ে দায়িত্ব পালন করছেন।

র‌্যাব ও পুলিশের সাড়ে ছয় হাজার সদস্যকে রমনা কেন্দ্রিক নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে। এছাড়াও সারা দেশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

রমনা পার্কের ভেতরে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার ও ৫০টি চেক পোষ্ট বসানো হয়। রাজধানী ঢাকায় প্রায় সাত হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশের পাঁচ হাজার নয়শ’ ৯৪ জন, এপিবিএনের ৪৬০ জন, বিডিআর ১৪০ জন এবং র‌্যাবের প্রায় এক হাজার সদস্য রয়েছেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল গুলজার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ মার্চ জেএমবির শীর্ষ ছয় জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পর থেকেই সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সব্বোর্চ সতর্কতায় রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের উন্মুক্ত মঞ্চে সকাল ১০টা থেকে আয়োজন করে বাউল গানের আসর ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান শুরু হয় বিকাল সাড়ে চারটায়। সেখানে একক ও দলীয় সংগীত, পথনাটক এবং আবৃত্তি পরিবেশন করা হয়।

ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে বিকেল ৫টা থেকে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান।

বুলবুল ললিতকলা একাডেমির অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ছয়টায়। তাদের অনুষ্ঠানমালায় ছিল নাচ, গান ও আবৃত্তি।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী ছিল বিভিন্ন সংগঠনের নানান অনুষ্ঠান।

পয়লা বৈশাখ উদযাপন পরিষদ কাফরুল অঞ্চলে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা। উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয় সকাল ৭টায়। এরপর দুপুর পর্যন্ত চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি ও বনানী ক্লাবের যৌথ উদ্যোগে বনানী ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে বৈশাখী উল্লাস। তাদের অনুষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডার চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও হাতি, পিঁপড়া এবং ব্যাঙ এর প্রতিকৃতি আর মুখোশ নিয়ে বর্ণিল শোভাযাত্রা বের করে ধানমণ্ডি এলাকায়। ব্যস্ত নগরীর ভিড় ঠেলে যারা রমনায় যাননি, খোলা হওয়ায় যারা স্বাচ্ছন্দ পান-তাদের উৎসব বসে ধানমণ্ডি লেকের দুই ধার জুড়ে।

সকাল থেকে পাখির চোখে ধানমন্ডি লেকটি দেখলে চোখে পড়ত মাঝখানের পানি ছাড়া চারদিকে লাল-সাদার দাঙ্গা-হাঙ্গামা। রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে পুরো লেকের দুই পাড় জুড়ে বিরতি দিয়ে বা বিরতিহীন চলে গান, আবৃত্তি, বাউল সঙ্গীত, পুতুল নাচ ও গল্প বলার আসর। বেলা বাড়ার সঙ্গে বাড়ে মানুষের ভিড়।

ধানমণ্ডির বেঙ্গল ফাউন্ডেশন পয়লা বৈশাখের একদিন আগ থেকেই শুরু করেছে বৈশাখ উদযাপনের উৎসব। তিনদিনব্যাপী তাদের অনুষ্ঠানমালা শুরু হয়েছে ধানমণ্ডি ২৭ নম্বরের বেঙ্গল শিল্পালয়ে। সকাল ১১টায় শিশু কিশোরদের অংশগ্রহণে গল্পবলার আসর ‘গল্পঘর’ ও শিল্পী মুস্তাফা মনোয়ার পরিবেশন করেন পাপেট শো।

বাবার বুকের কাছে ক্যাঙ্গারুর বাচ্চার মতো ঝুলে থাকা ছোট্ট শিশুটির কাছে নববর্ষের হয়তো কোনো অর্থই নেই, কিন্তু তাই বলে বাবা-মা এ দারুণ উদযাপন থেকে বঞ্চিত করেনি তাকেও। আর শুধু কী বাঙালিরাই, মিছিলে খুঁজলেই দেখা যাচ্ছিল মিনি-স্কার্ট পরা বিদেশিনী-কখনো না খুঁজেই দেখা মিলছিল গায়ে গামছা জড়ানো এমন কারো যার কোনো পূর্বপুরুষই এদেশের নন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সঙ্গীত ও নাট্যকলা বিভাগ নাটমণ্ডলের সামনে সকাল ৯টায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সনদান নামে সাংস্কৃতিক সংগঠন সকাল ৬টায় ঢোলের বাদ্য বাজিয়ে শুরু করে তাদের বর্ষবরণের আয়োজন। মাগুরার বাউল শিল্পী সাহেব আলী ও তার দল গান পরিবেশন করে। সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শন এবং এরপরে ‘আলোমতি ও প্রেম কুমার’ শিরোনামে যাত্রার আয়োজন করা হয়। এছাড়া ক্যাম্পাসে বাণিজ্য অনুষদে, কলাভবনের সামনে বটতলায় এবং টিএসসিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার থেকেই বৈশাখকে বরণ করে নেওয়ার ও চৈত্র সংক্রান্তির নানা আয়োজন শুরু হয়। সুরের ধারা আয়োজন করে আড়াইশো বছরের বাংলা গানের অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ঢাক-ঢোলের বাদ্য দিয়ে শুরু হয় আড়াইশো বছরের বাংলা গানের অনুষ্ঠান। ব্রহ্ম সঙ্গীত “কর তার নাম গান” পরিবেশনের মধ্য দিয়ে সুরের ধারা শিশু শিক্ষার্থীরা মঞ্চে উঠে প্রদীপ প্রজ্জলন করে।

পাঁচ পর্বে বিভক্ত পাঁচ ঘণ্টার এই অনুষ্ঠানে অর্ধ শতাধিক বাংলা গান পরিবেশন করা হয়। তুলে হয় বাংলা গানের আদিরূপ থেকে বর্তমানের ধারা। প্রাচীন গীতি, ঠাকুর বাড়ির গান, পঞ্চকবির গান, বিশ শতকের শুরু থেকে প্রাক স্বাধীনতার গান এবং স্বাধীনতা থেকে ২০০৭ সালের গান পরিবেশন করে শিল্পিরা।

ড. আনিসুজ্জামান বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। সুরের ধারা এতনিতেই নববর্ষের সঙ্গে চৈত্র সংক্রান্তির আয়োজন করে। এবার তারা আড়াইশো বছরের গানের বিবর্তন তুলে ধরার চেষ্টা করেছে। এটা চিত্তাকর্ষক, আনন্দদায়ক ও শিক্ষনীয়।

রবীন্দ্র সঙ্গীত শিল্পি রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমাদের ২৫০ বছরের সুরের ধারা নিয়ে এগুতে হবে। আজকের এ অনুষ্ঠানে আমাদের আড়াই শো বছরের সমাজ ইতিহাস সঙ্গীত কেমন ছিল তা তুলে ধরা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন রেস্তোরায় বিশেষ বাংলা খাবার পরিবেশন করা হয়। এরমধ্যে মূল আকর্ষণ ছিল পান্তা ইলিশ। কেবল চারদেয়ালে ঘেরা রেস্তোরা নয়, ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকানেও পান্তা ইলিশ বিক্রি করা হয়। পুরো রাজধানীর জুড়েই এমন অনেক দোকান দেখা গেছে। শখের বশেও অনেকে পান্তা ইলিশের দোকান দিয়েছেন। এছাড়া টি শার্ট, হস্তশিল্প, সৌখিন ও নানা উপহার পণ্যের দোকান বসেছিল রমনা ও ধানমন্ডি এলাকায়। আর আইসক্রিম, কোমল পানীয়, চটপটি, ফুচকা, বাদাম, চানাচুরের দোকান তো ছিলোই। ছিল সশা, ক্ষীরা, কাঁচা আম, আচারের দোকান। ডাব আর শরবতের দোকানে ভিড় জমে ওঠে রোদ বাড়ার সঙ্গে সঙ্গে। শাহবাগ মোড়, নীলক্ষেত ও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন অসংখ্য দোকান বসেছিল। শিশুদের খেলনা এমনকি চুড়ি গয়নার দোকানও বাদ যায়নি।

পুরান ঢাকা ও নারায়নগঞ্জে বর্ষবরণের মূল আকর্ষণ ছিল হালখাতা। পুরান ঢাকা তাঁতীবাজার ও শাখারীবাজারে স্বর্ণব্যবসায়ীরাই মুলত হালখাতা করেন। গণেশ পূজার মাধ্যমে তারা হিসাবের নতুন খাতা খোলেন এবং পুরনো হিসাবকে হালনাগাদ করা হয়। এ দিনে ব্যবসায়ীরা তাদের দেনাদারদের নিমন্ত্রণ করে খাওয়ান এবং টাকা আদায় করে থাকেন।

এদিকে লোকনাথ পঞ্জিকার হিসাবে বৈশাখ আসবে কাল। এই পঞ্জিকা হিসাব করে পুরান ঢাকাসহ দেশের কিছু জায়গায় শনিবার বছরের শেষ দিন পালিত হয়েছে। তারা রোববার বর্ষবরণের প্রস্তুতি নিয়েছেন।