হাসিনার বিরুদ্ধে মামলায় ঢাবির ৪১ শিক্ষকের বিস্ময়
শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪১ শিক্ষক।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এসব শিক্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কাজী তাজুল ইসলাম ফারুক শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির যে মামলা দায়ের করেছেন তা সবাইকে হতবাক ও বিস্মিত করেছে।
মামলাটি ইতিমধ্যে সর্ব মহলে অসৎ, হীন উদ্দেশ্য প্রণোদিত , অবিশ্বাস্য, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হয়েছে বলে তারা মনে করছেন।
বিবৃতিতে তারা বলেন, “আমরা লক্ষ করছি যে দেশের পরিবর্তিত রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে এক শ্রেণীর লোক রাজনীতি, রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ঢালাওভাবে বিষোদাগার করে চলেছে।
“উদ্দেশ্যমুলকভাবে পরীক্ষিত, ত্যাগী ও আত্মোৎসর্গকৃত রাজনৈতিক নেতৃত্ব-ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের বা নিবর্তনমূলক আচরণ করা হলে তা হবে গণতন্ত্র, দেশ, জনগণেন স্বার্থের বিরুদ্ধাচরণের শামিল।”
বিবৃতিদাতাদের মধ্যে আছেন আ আ ম স আরেফিন সিদ্দিক, একে আজাদ চৌধুরী, আবুল বারাকাত, মো. হোসেন মনসুর, খোন্দকার আশরাফ হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
