ঝালকাঠিতে পিপি হত্যা মামলায় আটক ২
ঝালকাঠিতে পিপি হায়দার হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বোমা হামলার আশঙ্কায় ঝালকাঠিতে ২ ও ৩ বৈশাখের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে পহেলা বৈশাখ নববর্ষ বরণ অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে।
ঝালকাঠি পুলিশ সুপার খোন্দকার গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, হায়দার হোসেনের সঙ্গে পারিবারিক শত্রুতা থাকায় বৃহস্পতিবার রাতে কাত্তারগাতি গ্রামের স্কুল শিক্ষক মোফাজ্জেল হোসেন মন্টু ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, অ্যাডভোকেট হায়দার হোসেনের ছেলে তারিক ইবনে হায়দারের দায়ের করা হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামরুলকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
তারিক মামলার এজাহারে সন্দেহভাজন কারও নাম উল্লেখ করেননি। তবে তিনি এজাহারে তাঁর বাবা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি থাকার সময় বিভিন্ন মামলায় যাদের সাজা হয়েছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে যারা বিভিন্ন সময়ে হুমকি দিয়েছে এবং ১৯৯১ ও ৯৬ সালে হায়দার হোসেন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই সময়ের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে শত্রুতা থেকেও এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে উল্লেখ করেন।
পুলিশ সুপার গোলাম ফারুক জানান, হায়দার হোসেনকে হত্যার নেপথ্যে যতগুলো কারণ থাকতে পারে তার সবগুলোই খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।
তবে গোয়েন্দা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, এ ব্যাপারে জেএমবির সংশ্লিষ্টতার পাশাপাশি হায়দার হোসেনের গ্রামের বাড়িতে পারিবারিক ও জমি সংক্রান্ত শত্রুতা, শহরের গোরস্তান মসজিদ কমিটি থেকে সরিয়ে দেওয়ার ঘটনা এবং গোরস্তানের জন্য জমি কেনা সংক্রান্ত বিরোধের মতো বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, বরিশাল র্যাব-৮ এর বোমা বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার উদ্ধার করা বোমাসহ সব সরঞ্জাম শুক্রবার সকালে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বোমা উদ্ধারের সময় আটক করা দিনমজুর সুখরঞ্জন ও মনোরঞ্জনকে এখনও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের বাড়ির পাশ থেকেই বোমাটি উদ্ধার করা হয়।
এদিকে জঙ্গি হামলার আশঙ্কায় জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে ঝালকাঠিতে ২ ও ৩ বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে পহেলা বৈশাখ নববর্ষ বরণের অনুষ্ঠানমালা যথারীতি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক এ কে এম কবির আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
দেশে জরুরি অবস্থা চলাকালে ঝালকাঠির এ হত্যাকাণ্ডের ঘটনায় ঝালকাঠিবাসীর মন থেকে আতঙ্ক কাটছে না কিছুতেই। বিশেষ করে দুই বিচারক হত্যা মামলার বাদী গাড়িচালক সুলতান হোসেন নিরাপত্তাহীনতায় ভূগছেন। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিরাপত্তার কারণে জেলা জজশিপে বিকাল ৫টার পরে দায়িত্ব পালন করতে পারবেন না বলে বৃহস্পতিবার তিনি মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন। রোববার তিনি এ নিরাপত্তা চেয়ে আবেদন করবেন বলে জানান।
