২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে জিডি করেছে জগন্নাথ পাঁড়ের পরিবার

নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পুলিশ জানায়, জগন্নাথ পাঁড়ের বড় ভাই বিশ্বনাথ পাঁড়ে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে বরগুনার পাথরঘাটা থানায় এ জিডি করেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবি জঙ্গিদের বোমা হামলায় বিচারক জগন্নাথ পাঁড়ে নিহত হন।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিডিতে বলা হয়েছে, দুই বিচারক হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট হায়দার হোসেন খুন হওয়াও জগন্নাথ পাঁড়ের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জিডিতে আরো বলা হয়েছে, এর আগে জগন্নাথ পাঁড়ের হত্যাকারী ইফতেখার হাসান আল মামুনের পকেটে বরগুনার পাথরঘাটার মেসার্স বাধন ফুড ইন্ডাস্ট্রিজের প্যাডে আঁকা জগন্নাথ পাঁড়ের ঝালকাঠির বাসা ও গ্রামের বাড়ির নক্সা পাওয়া গিয়েছিল। এ থেকে বিশ্বনাথ পাঁড়ে ও তার পরিবারের সদস্যরা ধারণা করছেন, জগন্নাথ পাঁড়ে হত্যাকাণ্ডের সঙ্গে বরগুনার লোকজনও জড়িত থাকতে পারে।

বরগুনায় ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক দাউদ হোসেনের নামে গত ৮ এপ্রিল জঙ্গিরা মৃত্যু পরোয়ানা পাঠায়। ৩ এপ্রিল পাথরঘাটার ইউএনও আবদুস সালামকেও হুমকি দেওয়া হয়। এ দুটো ঘটনার কথা উল্লেখ করে জিডিতে জগন্নাথ পাঁড়ের পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার দাবি জানানো হয়।

এছাড়া দুই বিচারক হত্যা মামলার বিচার চলাকালে জঙ্গিরা তাদের নানা ধরনের হুমকি দিয়েছিল বলেও জিডিতে উল্লেখ করা হয়।