২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ আহমদ গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিতর্কিত এই রাজনীতিককে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ‘ত্রাণের শাড়ি’সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। (আরো তথ্যসহ)

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২২০ পিস ত্রাণের শাড়ি, মাদকজাত দ্রব্য, বিভিন্ন চুক্তিপত্রের কাগজ এবং বিভিন্ন ব্যাংকের চেক বই। গুলশান থানার এসআই কবীর আহম্মেদ এসব মালামালের জব্দ তালিকা তৈরী করেন।

কবীর আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুল্ক ফাঁকি দিয়ে ১৬ বোতল বিদেশি মদ এবং ৩২ ক্যান বিয়ার নিজ হেফাজতে রাখার কারণে মওদুদ আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বরর ৪৪।

স্বাধীনতা উত্তরকালে বিভিন্ন সরকারের আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকারী এই রাজনীতিকের বাড়ির টেলিফোন অপারেটর আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হওয়ার সময় যৌথবাহিনী সদস্যরা বাসায় এসে একটি গাড়িতে তুলে নিয়ে যায় মওদুদ আহমদকে।

তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানাতে পারেননি আসাদ।

গুলশান থানার কর্তব্যরত উপ-পরিদর্শক লিটন সন্ধ্যা সাতটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পর্যন্ত মওদুদ আহমদকে থানায় হস্তান্তর করা হয়নি।

ব্যারিস্টার মুওদুদ আহমদ আওয়ামী লীগ, জাসদ, জেনারেল জিয়াউর রহমানের বিএনপি, জেনারেল এইচ এম এরশাদের জাতীয় পার্টি ও খালেদা জিয়ার বিএনপি-পাঁচ দফা দল পরিবর্তন করেন। ১৯৮২ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি সামরিক শাসক এইচ এম এরশাদের মন্ত্রিসভায় ছিলেন। সেখানে প্রথমে উপদেষ্টা, উপ-প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি ছিলেন। ১৯৬৮-৭০ সালে মওদুদ আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন উপদেষ্টা ছিলেন।

জরুরি অবস্থা ঘোষণার পর ফখরুদ্দীন আহমদের তত্ত্বাধায়ক সরকারের সময়ে তাঁর ব্যাংক একাউন্ট জব্দ করা হয়।