র্যাংগস ভবন ভাঙ্গা নিয়ে সরকার দোটানায়
রাজধানীর কেন্দ্রে বিজয় সরনীর পূর্বপ্রান্তে অবৈধভাবে নির্মিত র্যাংগস ভবন ভাঙ্গা হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। তবে ভবনটি না ভেঙ্গে এর দুপাশ দিয়ে রাস্তা নেওয়ার বিষয়টিও ভেবে দেখছে সরকার।
পূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন , “ র্যাংগস ভবনের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছি। তিনি সময় দিলে সকল উপদেষ্টার সামনে এই ভবনের বিষয় ্উপস্থাপন করা হবে। ভবনটি ভাঙ্গা হবে কি না এবিষয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব”।
র্যাংগস ভবন নিয়ে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত পূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ ভাবে দখল করা জমিতে রাজউকের ওপর চাপ সৃষ্টি করে নকশা অনুমোদন করে এবং সিভিল এভিয়েশন আইন ভঙ্গ করে র্যাংগস ভবন নির্মান করা হয়।
ভারপ্রাপ্ত পূর্ত সচিব এএসএম রশিদুল হাইকে এব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ রাজধানীতে অবৈধ ভাবে নির্মিত অন্যান্য ভবনের যে পরিণতি হয়েছে র্যাংগস ভবনেরও একই অবস্থা হবে। র্যাংগস ভবন বিশেষ কিছু নয়”।
তিনি বলেন, “রাজউক কাজ করছে, তাদের কাজ শেষ হলেই ব্যবস্থা নেওয়া হবে”।
রাজধানীতে অন্য কোন ভবন বা ভবনের অংশ ভেঙ্গে ফেলার জন্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের প্রয়োজন না হলেও র্যাংগস ভবনের জন্য কেন প্রয়োজন এসংক্রান্ত প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, এই ভবনের সঙ্গে অনেক বিষয় জড়িত। আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়,ভুমি মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন,পূর্তমন্ত্রণালয়সহ দপ্তর অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত। একারণেই উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ র্যাংগস ভবন ভেঙ্গে ফেলার পক্ষে মত দেয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন ভবনটি রেখে এর দু’পাশ দিয়ে ওয়াই জংশন করা হলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।”
