জয়নাল হাজারীর বিরুদ্ধে হুলিয়া জারি
ফেনীর সাবেক সাবেক সাংসদ, আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর বিরুদ্ধে বৃহস্পতিবার হুলিয়া জারি করেছে আদালত। একইসঙ্গে ১৭ এপ্রিলের মধ্যে তার বাড়ির মালামাল ক্রোকেরও আদেশ দেওয়া হয়েছে।
ফেনীর সিনিয়র স্পেশাল জজ মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের নির্দেশে জয়নাল হাজারী ৭২ ঘণ্টার মধ্যে সম্পত্তির হিসাব দাখিল না করায় গত ৮ এপ্রিল কমিশনের উপ পরিচালক সফিকুর রহমান তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর জয়নাল হাজারীর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
তিনি পলাতক থাকায় বৃহস্পতিবার মামলার শুনানির দিন সিনিয়র স্পেশাল জজ মো. নজরুল ইসলাম সাবেক এই সাংসদের বিরুদ্ধে হুলিয়া জারির আদেশ দেন।
জয়নাল হাজারী ২০০১ সালের ১৭ আগস্টের পর থেকে পলাতক আছেন।
