২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে এবার বিরল প্রজাতির ‘গিটার ফিশ’

সূর্য মাছের পর বঙ্গোপসাগরে এবার পাওয়া গেলো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া স্কেইট ( স্থানীয়ভাবে যা হাঙ্গর হিসেবেই বিবেচিত) বা গিটার ফিশ। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এটি বিরল প্রজাতির মাছ। এর আগে বঙ্গোপসাগরে যেসব স্কেইট পাওয়া গেছে সেগুলোর মুখ ছিল চোখা। কিন্তু এটির মুখ গোলাকার। প্রধানত গিটারের আকৃতির মতো হওয়ায় এটি গিটার ফিশ নামেই পরিচিত।

কক্সবাজার প্রতিনিধি

আনছার হোসেন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 04:34 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর আন্তর্জাতিক তালিকার বিলুপ্ত প্রায় প্রজাতির নামের পাশে এই মাছের নাম রয়েছে।

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে কক্সবাজারের জেলেরা মাছ শিকার করতে গেলে তাদের জালে সাধারণ মাছের সঙ্গে এই হাঙ্গরটিও ধরা পড়ে। এরপর গত মঙ্গলবার জেলেরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি করতে নিয়ে আসে। এসময় প্যানোয়া বে পার্ক এর সত্বাধিকারী জীববিজ্ঞানী রাগীব উদ্দিন আহমদ মাছটি দেখতে পেয়ে ৫০০ টাকায় কিনে নিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি জানান, এটি হাঙ্গরের মতো হলেও তা হাঙ্গর নয় এবং অন্যান্য হাঙ্গরের মতো হিংস্র বা মাংশাসীও নয়। সাগরের সাধারণ হাঙ্গরগুলো রক্তের গন্ধ পেলেই খাবারের জন্য ছুটে যায়। কিন্তু এটি একেবারেই গো-বেচারা। এটি লম্বায় সাড়ে তিন ফুটের মতো, ওজন প্রায় ৮ কেজি।

তবে স্থানীয় জেলে ও সাধারণ মাছ ব্যবসায়ীদের কাছে এই মাছটিকে হাঙ্গর বলেই পরিচিত। ফিশারি ঘাটের হাঙ্গর ব্যবসায়ী মো. সৈয়দ হোসাইন জানান, প্রতিদিনই জেলেরা নানা প্রজাতির হাঙ্গর বিক্রি করতে নিয়ে আসেন। এই হাঙ্গরটিও তেমনই একটি হাঙ্গর। তবে বিরল প্রজাতির কিনা তা তার জানা নেই।

তবে রাগীব উদ্দিন আহমদের মতে, বিরল প্রজাতির এই মাছটির নাম ‘গিটার ফিশ’। এটি দেখতে গিটারের মতো বলেই মৎস্য বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘গোলাকার মাথা গিটার ফিশ’।

রাগীব উদ্দিন আরও জানান, বঙ্গোপসাগরসহ প্রশান্ত মহাসাগর, আরব সাগর, পূর্ব আফ্রিকা থেকে পাপুয়া নিউগিনি, উত্তর জাপান, দক্ষিণ ওয়েল্স এবং অস্ট্রেলিয়ায় সাগরের তলদেশে এই হাঙ্গর পাওয়া যায়। কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্ত হতে চলেছে এসব হাঙ্গর। এদের সংরক্ষণে বিভিন্ন দেশ বিশেষ ব্যবস্থা নিলেও দুঃখজনকভাবে আমাদের দেশে সেরকম কোন উদ্যোগই নেই।

তিনি জানান, গভীর সমুদ্রের তলদেশে তিনি অনেকবারই এই মাছের দেখা পেয়েছেন। সাগরের ১০ ফুট থেকে ১০০ ফুট পর্যন্ত নিচে এর বিচরণ ক্ষেত্র হলেও এটি সাগরের তলদেশেই বেশি থাকে। তাই এটি মানুষের জন্য হুমকির কারণ নয়। মূলতঃ প্রবাল এবং শৈবালের মাঝেই এই হাঙ্গর বসবাস করতে স্বাচ্ছন্দ বোধ করে। এটি লম্বায় সর্বোচ্চ ২৭০ সেন্টিমিটার এবং ওজন সর্বোচ্চ ১৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। সমুদ্রের শামুক, ঝিনুকসহ প্রবালের বিভিন্ন উদ্ভিদ ও লতা-গুল্ম এই মাছের প্রধান খাদ্য। গোলাকার মাথার উপরের অংশ এবং গালের চোয়াল খুবই শক্ত হওয়ায় শামুক-ঝিনুকসহ যেকোনো শক্ত বস্তু বা শক্ত শেল ভেঙ্গে তার ভেতরের নরম অংশ খেতে পারে। তবে এই হাঙ্গরের পিঠের উপরে রয়েছে ধারালো কাঁটা। ওই কাঁটার কারণে অন্য কোন সামুদ্রিক প্রাণী এই হাঙ্গরকে আক্রমণ করতে পারে না।

তিনি আরও বলেন, হাঙ্গরটির শরীরে সাদা স্পট থাকার কারণে কেউ কেউ এটিকে ‘তিমি’ বললেও এটি আদতে তা নয়। এর মাথা গোলাকার, দেখতে বঙ্গোপসাগরের ‘গুইজ্যা’ বা কেট ফিসের মতো। কিন্তু সাগরের কোন হাঙ্গরের মাথাই গোলাকার নয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই হাঙ্গরটি অপরাপর হাঙ্গর বা মাছের মতো ডিম বা বাচ্চা প্রসব করে না। এই হাঙ্গর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই তা থেকে বাচ্চা বেরিয়ে আসে।

রাগীব উদ্দিনের মতে, সাগরে নির্বিচারে মাছ ধরার কারণে, বিশেষ করে প্রবাল স্তরের ওপর থেকে বিশেষ ধরনের জাল দিয়ে মাছ ধরার ফলে এই হাঙ্গরটি জেলেদের জালে ধরা পড়ছে। শুধু তাই নয়, হাঙ্গরের শরীরের কিছু অংশ বিদেশে রপ্তানি হয় বলেও নির্বিচারে শিকার হচ্ছে বিভিন্ন প্রজাতির হাঙ্গর। মূলতঃ জেলেদের অজ্ঞতার কারণেই সাগরে এই প্রজাতির হাঙ্গরের বংশ বৃদ্ধি সংকটাপন্ন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, এই হাঙ্গরটি সহজেই মরে না। সাগরে জেলেদের জারেলধরা পড়লেও সহজে মারা না যাওয়ায় আতঙ্কিত জেলেরা এটিকে পিটিয়ে হত্যা করে। তিনি মনে করেন, এই হাঙ্গর জীবিত পাওয়া গেলে স্থানীয়ভাবে অ্যাকুরিয়ামে রেখে বংশ বৃদ্ধি করা সম্ভব।