দাতাদের সঙ্গে সম্পর্ক পুনস্থাপিত হয়েছে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, “বৈদেশিক সাহায্য সংস্থা ও দাতাগোষ্ঠীর সঙ্গে স্থবির হয়ে পড়া সম্পর্ক বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তিনমাসে পুনস্থাপিত হয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এফবিসিসিআই-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাফল্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “গত দুই-তিন মাসে ২০ কোটি ডলারের সাহায্য ছাড় করানো হয়েছে। তিন মাস সময়ে এটাই যথেষ্ট।”
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, “নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল হয়ে আসছে। কিছু জিনিসের দাম বাড়লেও অধিকাংশ ক্ষেত্রে দাম কমেছে।”
উপদেষ্টা বলেন, অর্থনৈতিক সংস্কারে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার নিয়ন্ত্রিত কয়েকটি বাণিজ্যিক ব্যাংকেরও সংস্কার করা হয়েছে। এ ছাড়া ‘অর্থনৈতিক প্রতিবেদন আইন’ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
সরকারের তিন মাসের সাফল্যের মধ্যে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, টিএণ্ডটিকেও করপোরেশনে রূপান্তরিত করার করার প্রক্রিয়া চলছে।
