এখন স্বচ্ছ পানিতে মাছ শিকার করছেন মীর নাসির
আসছে বাজেটে অর্থনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মনে করছেন এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেন।
তিনি বলেছেন, আগে ঘোলা পানিতে মাছ শিকার করতে হতো। এখন স্বচ্ছ পানিতে শিকার করছি।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করে বেরিয়ে মীর নাসির সাংবাদিকদের বলেন, নির্দলীয় সরকার ক্ষমতায় আছে বলে এবার রাজনৈতিক বিবেচনায় বাজেট করা হবে না বলে তার প্রত্যাশার কথা অর্থ উপদেষ্টাকে জানিয়েছেন।
তিনি বলেন, “আশা করছি এবার উন্নয়ন, রপ্তানি এবং শিল্পমুখী বাজেট হবে। কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়বে।”
দেশি বিনিয়োগকারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে দাবি করে মীর নাসির হোসেন বলেন, তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত।
এফবিসিসিআই সভাপতি বলেন, “অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শুল্ক সুনির্দিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে।”
অন্যদিকে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এফবিসিসিআই প্রতিনিধি দল বিদ্যুৎ ও পরিবহন খাতে উন্নয়নের প্রস্তাব দিয়েছে। এছাড়াও ব্যাংক সুদ কমিয়ে ভর্তুকি বাড়ানোরও প্রস্তাব দিয়েছে তারা।
