২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের তিন সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের তিন সহযোগীকে বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 03:22 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এরা হচ্ছেন ওবায়দুল সোহেল (৪২), মো. কামরুজ্জামান (৩১) ও মনিরুল হক লিটন (৪৩)। এদের মধ্যে মো. কামরুজ্জামান গিয়াসউদ্দিন আল মামুনের একান্ত সচিব।

গুলশান থানার উপ-পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত তিনটায় তাদেরকে গুলশান এভিনিউয়ের ৮০ নম্বর ‘নাজ মহল’ থেকে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

ওই রাতেই তাদের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

গুলশানের রেজা কনস্ট্রাকশনের মালিক মো. আফতাবউদ্দিন গত ২৭ মার্চ ১ কোটি ৩২ লাখ টাকা ও ১৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে গুলশান ও কাফরুল থানায় যে দুটি মামলা দায়ের করেন তাতে ওবায়দুল কাদের সোহেল ও মো. কামরুজ্জামানকেও আসামী করা হয়েছে।

ওই দুই মামলার অন্য আসামিরা হলো সাবেক এমপি খায়রুল কবির খোকন, মাহবুব, হাবলু ও মোটা তারেক।