২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ প্রমাণ না হলে গ্রেপ্তার হবেন না হাসিনা

ব্যক্তিগত সফরে দেশের বাইরে থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে দুইদিনের ব্যবধানে চাঁদাবাজি মামলা দায়ের ও হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও এ মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন না শেখ হাসিনা। দুই উপদেষ্টা বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

চাঁদাবাজির মামলার তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করবে না সরকার। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন।

একই দিন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, দেশে ফিরলে চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তারের সম্ভাবনা ছিল। বর্তমান আইনের এ দুর্বলতা কাটাতে ফৌজদারি আইন সংশোধন করবে সরকার।

এর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের কমিশনার আবুল হাসান মনযুর মান্নান আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলই হাসিনার সঙ্গে সরকারের একটি সমঝোতার আভাস সাংবাদিকদের দিয়ছিলেন। তিনি জানান, সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তির অনুরোধে পূর্ব নির্ধারিত তারিখে শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার ভাবমূর্তি ও সম্মান যেন ক্ষুণœ না হয় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এর পর বৃহস্পতিবার যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের জানান, “শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির মামলা তদন্ত করবে টাস্কফোর্স। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না।”

উপদেষ্টা আরো বলেন, “এই মামলায় আইনি প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। তিনি (শেখ হাসিনা) স্বেচ্ছায় দেশের বাইরে গেছেন। নিজের ইচ্ছাতেই যে কোনও সময় দেশে ফিরতে পারবেন।”

বুধবার আব্দুল জলিল বলেছিলে, “শেখ হাসিনার বিরুদ্ধে দুটি অসত্য, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলার মোকাবিলা করতে শেখ হাসিনা দেশে ফেরার পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী ১৪ ই এপ্রিল ঢাকা পৌছানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পর আজ সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যাক্তিত্ব আমার ও শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন না করার অনুরোধ করেছেন। এজন্য দলীয় নেত্রীর ১৪ এপ্রিল দেশে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ”

এর পাশাপাশি বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত সাংবাদিক সম্মেলনে কমিশনার আবুল হাসান মনযুর মান্নান জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে দুর্নীতি কমিশন।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, “অন্যদের দুর্নীতির বিষয়ে কমিশন যে ধরনের ব্যবস্থা নিয়েছে বড় নেতা-নেত্রীর ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা ও হত্যার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, মামলা করে তাকে ঠেকানো যাবে না।

বুধবার আমেরিকা থেকে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জেল-জুলুম-মামলা তিনি পরোয়া করেন না।

তার বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তারা মামলা দিচ্ছে। আরও মামলা দেবে। এরা যদি মনে করে মামলা দিয়ে আমার দেশে ফেরা বন্ধ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন।”