২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দার হোসেন হত্যার প্রতিবাদে আদালত বর্জন, সন্দেহভাজন ২ জন গ্রেপ্তার

ঝালকাঠির রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার হোসাইন হত্যার ঘটনায় তার ছেলে বাদি হয়ে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 10:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

নিহত হায়দার হোসেনের একমাত্র ছেলে তারিক ইবনে তারিক বাদি হয়ে বুধবার রাত পৌনে ১১ টায় ঝালকাঠি সদর থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। (নতুন তথ্যসহ)

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “যথাযথ প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে মামলা তদন্ত করা হবে। তদন্ত শেষ হওয়ার আগে কোন কিছু বলা সম্ভব নয়।”

এর আগে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে একটি শক্তিশালী বোমা, তিনটি মোবাইল চার্জার, একটি ব্যাটারি চার্জার, একটি লুঙ্গি ও ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব।

জরুরি অবস্থা চলাকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় দিনভর আতঙ্ক বিরাজ করেছে ঝালকাঠিতে।

ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল পশ্চিম চাঁদকাঠির টিঅ্যান্ডটি সড়কে বৃহস্পতিবার সকালে একটি বোমা ও ছুরি উদ্ধার করা হয়েছে। যে স্থান থেকে বোমা ও ছুরি উদ্ধার করা হয়, তার পাশের বাড়ির দুই ব্যক্তিকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করছে। এরা হলেন মনোরঞ্জন হালদার (৫০) ও তার ছেলে সুখ রঞ্জন হালদার (১৮)।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।

বরিশাল এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ডাকে হায়দার হোসেন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার আদালত বর্জন করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে অশ্বিনীকুমার টাউন হলের সামনে হয় অ্যাডভোকেট হায়দার হোসেনের প্রথম জানাজা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের, বরিশাল জেলা পিপি কামরুল আহসান শাহীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, অ্যাডভোকেট এনায়েত পীর খান প্রমুখ।

সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান নিহতের সুরতহাল করেন।

সুরতহাল শেষে হায়দার হোসেনের ভাগ্নে অ্যাডভোকেট শাহজাহান হোসেনের কাছে লাশ হস্তান্তর করা হয়। ঝালকাঠির সুগন্ধা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে ঝালকাঠি গোরস্তানে দাফন করা হয়।

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হায়দার হোসেনকে বুধবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়।

তিনি ছিলেন জেলা জজ কোর্টের পিপি এবং জেলা জামায়াতের সাবেক আমির।

দুই বিচারক হত্যা মামলার রায় অনুযায়ী গত ৩০ মার্চ জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ ছয়জনের ফাঁসি কার্যকরের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট হায়দার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বাংলাদেশ ও ইসলামকে যারা ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছিল তাদের ফাঁসি কার্যকর হওয়ায় আমি ভীষণ খুশি। আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আশা করছি, ওদের সঙ্গীরাও এমনিভাবে ধ্বংস হয়ে যাবে।” তিনি ওই মামলাটির রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন।

এদিকে ঝালকাঠির জেলা প্রশাসক কেএম কবীর আহম্মেদ সাংবাদিকদের কাছে দাবি করেছেন, এর আগে নিহত হায়দার হোসেনকে প্রশাসনিক সহযোগিতা নেওয়ার কথা বলা হলেও তিনি তা নেননি। উল্টো তিনি বলেছেন, “আল্লাই আমাকে দেখে রাখবেন।”