২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি পরোয়া করি না: হাসিনা

শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা ও হত্যার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, মামলা করে তাকে ঠেকানো যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 10:42 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার আমেরিকা থেকে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, জেল-জুলুম-মামলা তিনি পরোয়া করেন না।

তার বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তারা মামলা দিচ্ছে। আরও মামলা দেবে। এরা যদি মনে করে মামলা দিয়ে আমার দেশে ফেরা বন্ধ করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন।”

যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরছেন জানিয়ে তিনি বলেন, “২৩ তারিখে দেশে ফেরার কথা থাকলেও আমি এর আগেই ফিরতে চাই।”

আমেরিকার ভার্জিনিয়া থেকে বিবিসি রেডিও ছাড়াও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকেও সাক্ষাৎকার দেন তিনি।

বুধবার রাতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাংবাদিকদের জানান, হাসিনা ২৩ তারিখেই দেশে ফিরবেন। হাসিনা এবং জলিলের সঙ্গে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার টেলিফোনে আলাপ হয়েছে দাবি করে জলিল বলেন, আওয়ামী লীগ নেত্রীর মান ও মর্যাদা সমুন্নত রাখতে সরকার প্রয়োজনীয় সবকিছু করার নিশ্চয়তা দিয়েছে। এই ফোনালাপের পর হাসিনা দেশে ফেরার তারিখ ১৪ এপ্রিল বদলে ২৩ এপ্রিল করেছেন।

শেখ হাসিনা বিবিসি রেডিওকে বলেন, “যখন রাজনীতিতে নেমেছি, জীবনের ঝুঁকি নিয়ে নেমেছি। এসব মামলা-টামলা দিয়ে আমাকে ঠেকাতে পারবেন না।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জেল জুলুমকে ভয় পাই না। ইতোপূর্বে ২৩ তারিখ আমার দেশে ফেরার কথা ছিল। আমার রাজনৈতিক সচিবকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব টিকেটের ব্যবস্থা করার জন্য।”

তিনি আরও বলেন, “এসব আমি ভয় পাই না। আমরা পাকিস্তানী জান্তার বিরুদ্ধে লড়াই করেছি। এ আর এমন কী ?”

শেখ হাসিনা তার বিরুদ্ধে হত্যার অভিযোগ সম্পর্কে বলেন, “আমি যেখানে আমার বাবার হত্যার বিচার দেশের প্রচলিত আইনে করেছি সেখানে আপনারা বুঝতেই পারেছেন আমি হত্যা করতে পারি কি না।

“আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আরও দেবে। আমি এসবের পরোয়া করি না।”

“আমরা ২৮ তারিখ আন্দোলন করেছি বলেই না আজ ফখরুদ্দীন সরকার ক্ষমতায় আসতে পেরেছে।”

তিনি বলেন, “আপনারা দেখেছেন সেদিন জামায়াতের কর্মীরা শ্লোগান দিয়েছে-বাঁচলে গাজী মরলে শহীদ। এই বলে তারা হামলা চালিয়েছে। বিএনপি-জামায়াত জোট সেদিন সাধারণ মানুষের ওপর হামলা চলিয়েছে। তাই জনগণ ক্ষেপে গিয়েছিল।

“আর ১৯৭১ সালেতো আপনারা দেখেছেন জামায়াত কীভাবে মানুষ খুন করেছে।”

বুধবারই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি মামলা সম্পর্কে তিনি বলেন, “এর সবই মিথ্যা। আমি এটি বিশ্বাস করি না। আমি এর কিছুই করিনি।”

দেশে ফেরা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “অবশ্যই আমি আমার নিজ দেশে ফিরব। আমি কিছৃুরই পরোয়া করি না। কিছুরই তোয়াক্কা করি না। জনগণের জন্য আমি নিজের জীবন দিতে প্রস্তুত ।”

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারা হয়তো ক্ষমতায় যেতে চায়। হয়তো বা তারা চায় না গণতন্ত্র ফিরে আসুক।”

তার দল এখন কী করবে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমাদের সিনিয়র নেতারা বলেছেন তারা এর বিরুদ্ধে আইনি এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।”

এর আগে বুধবার গত বছরের ২৮ অক্টোবর পল্টনে সাত ব্যক্তির হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্রে হাসিনাকেও দায়ী করা হয়।

শানিবার বিবিসি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যায়িত করে দেড় বছর আগে ভোটের আয়োজন সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন।

সোমবার একটি বেসরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার বিরুদ্ধে তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলার পরপরই শেখ হাসিনা সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে পারিবারিক ও দলীয় সদস্যরা সংবাদ মাধ্যমে জানান।