দস্তগীর চৌধুরীসহ ৯ জনের আটকাদেশ অবৈধের রায় স্থগিত
চট্টগ্রাম বিএনপি নেতা দস্তগীর চৌধুরীসহ নয় জনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
বুধবার আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলামের অবকাশকালীন একক বেঞ্চ এ আদেশ দেন।
বাকি যে আট জনের আটকাদেশ অবৈধের রায় স্থগিত করা হয়েছে তারা হচ্ছেন, জামালপুরের আবু সাঈদ বাদশা ও মোঃ শাহজাহান, ফরিদপুরের ফালু মাতবর, লক্ষীপুরের মহিউদ্দিন বিটু, ব্রাক্ষ্মণবাড়িয়ার মুরাদুস সালেহীন, ঢাকার সূত্রাপুরের ইস্রাফিল শিকদার, বাড্ডার মনির হোসেন ও বরগুনার আবদুল কাদের।
গত সপ্তাহে হাইকোর্ট তাদের আটকাদেশ অবৈধ ঘোষণা করে। সরকার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৩ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেন।
