রাজধানীর পল্লবীতে কিশোরীর মৃত্যু
রাজধানীর পল্লবীতে মঙ্গলবার রাতে আফরিন ইসলাম ইতি (১৪) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ইতি মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল। সে মিরপুর ১০ নাম্বার সেক্টরের ১৮ নাম্বার সড়কের পাঁচ নাম্বার বাড়ির বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাত ১০ টায় মিরপুর সাড়ে এগার নাম্বারের ডি/৫৬ ইস্টার্ন হাউজিংয়ের নিচতলার একটি কক্ষের দরজা ভেঙ্গে ইতির লাশ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে আরাফাতুজ্জামান নবারণ (১৮) নামে এক কিশোরকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মৃত ইতির বাবা আমিনুল ইসলাম মামলা দায়ের করবেন। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
এদিকে রাত ১০ টার দিকে পল্লবী অনিক প্লাজার পাশে একটি ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে মাইক্রোবাস আরোহী সন্ত্রাসীরা দোকান মালিককে কুপিয়ে ক্যাশবাক্সে থাকা টাকা লুট করে পালিয়ে যায়।
আহত দোকান মালিক জাকির হোসেনকে আশংকাজনক অবস্থায় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
