হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার এজাহার গ্রহণ, তদন্ত করবে টাস্কফোর্স
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলাটির তদন্ত করবে দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স। যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, এটি ১১ বছর আগের অভিযোগ নিয়ে মামলা। তদন্ত করে প্রমাণ সাপেক্ষেই ওই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাই তদন্তে টাস্ক ফোর্সকে ব্যবহার করা হবে।
গত সোমবার তেজগাঁও থানায় দায়ের করা তিন কোটি টাকার চাঁদাবাজির মামলাটির এজাহার আদালত গ্রহণ করে ১০ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে।
মঙ্গলবার বিকেলে এজাহারটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম মীর আলী রেজা তা গ্রহণ করে স্বাক্ষর করেন এবং পরবর্তী তারিখ ধার্য করেন।
একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে তিন কোটি টাকা চাঁদা আদায় করেন।
আওয়ামী লীগ এ মামলা দায়েরের তীব্র প্রতিবাদ করে বলেছে , কোনো সুস্থবুদ্ধিসম্পন্ন মানুষ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বাস করবে না। তার বিরুদ্ধে দুর্নীতির বা সুবিধা গ্রহণের অভিযোগ তার চরম রাজনৈতিক প্রতিপক্ষও পাঁচ বছরে প্রতিষ্ঠিত করতে পারেনি। সুতরাং নয় বছর আগের একটি ঘটনায় জনৈক ব্যক্তির মামলাও বিশ্বাসযোগ্য নয়।
মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
যোগাযোগ উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এমএ মতিন মঙ্গলবার বিকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মামলায় অভিযোগ থাকলেই হবে না, এর প্রমাণ থাকতে হবে। নইলে মামলা টিকবে না। হাসিনার চাঁদাবাজি মামলাটির তদন্তে টাস্ক ফোর্সকে ব্যবহার করা হবে।
এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও মতিন জানান।
শেখ হাসিনাকে দেশে ফেরত আসতে না দিতে এ মামলা দায়ের করা হয়েছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এমন কোনো বিষয় আমার জানা নেই। আর কোন শীর্ষ নেতাকে এভাবে সরানোর বিষয়ও আমি জানি না।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিরাপত্তার অজুহাতে দুটি অনুষ্ঠানে যেতে না দেওয়ার অর্থ তার নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের ব্যর্থতা কিনাÑ এ ধরনের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
উপদেষ্টা জানান, সোমবার অনুষ্ঠিত জাতীয় সমন্বয় কমিটির সভায় আরো ১৪টি মামলা দায়েরের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। এসব মামলার বেশিরভাগই দুর্নীতিতে জড়িত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে করা হবে। তিনি জানান, সমন্বয় কমিটি দুদক প্রকাশিত তালিকার সন্দেহভাজন দুর্নীতিবাজদের অভিযোগগুলো খতিয়ে দেখছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে দেখতে ইতোমধ্যেই ৪০টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আপাতত আর কোন টাস্ক ফোর্স গঠন করা হবে না। তবে তদন্তের জন্য কমিশনে দক্ষ তদন্তকারী কর্মকর্তার পদায়ন করা শুরু হয়েছে।
বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলামের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারকেও আসামী করা হয়েছে।
দণ্ডবিধি ৩৮৫, ৩৮৭ ও ১০৯ ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়েছে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে তিন কোটি টাকা চাঁদা আদায় করেন। তাজুল ইসলাম এজাহারে জানান, পিডিবি ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর খুলনা, হরিপুর, শিকলবাহা এবং বাঘাবাড়িতে বার্জ মাউন্টেড বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে তার কোম্পানি ওয়েস্ট মন্ট অফসোর বাংলাদেশ লিমিটেডসহ আরও কয়েকটি কোম্পানি দরপত্র জমা দেয়। দরপত্র যাচাই শেষে ১৯৯৭ সালের ১৩ মার্চ পিডিবি প্রকল্প স্থাপনের জন্য সঙ্গে চুক্তি সাক্ষর করে। কিন্তু ১৯৯৮ সালের বন্যার কারণে ওই প্লান্ট বসাতে কিছুটা দেরি হয়।
বাদীর অভিযোগ, ওই সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদার তাকে টেলিফোনে বলেন, ব্যবসা রক্ষা করতে হলে তার নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।
তাজুল ইসলাম দাবি করছেন, ভয় পেয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে বলেন মানু মজুমদারকে।
বাদীর দাবি, পরে তিনি মানুকে নিয়ে গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং কিছু টাকা চাঁদা দিতে রাজিও হন। কিন্তু পুরো তিন কোটি টাকা চাঁদা না দিলে চুক্তি বাতিল করা হবে বলে জানিয়ে দেন শেখ হাসিনা।
তিনি জানান, বিপুল পরিমাণ টাকা জোগাড় করতে দেরি হওয়ায় পিডিবি ৯/১২/৯৮ তারিখে চুক্তি বাতিলের জন্য অনুমতি চেয়ে বিদ্যুত মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। তখন তিনি গণভবনে গিয়ে মোট তিন কোটি টাকা (সব পাঁচশ টাকার নোট, প্রতি বান্ডিলে ৫০ হাজার টাকা করে ছয়শ বান্ডিল) একটি বড় সুটকেসে ভরে শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। ওই সময় মানু তার সঙ্গে ছিলেন।
তাজুল ইসলাম আরও জানান, আসামিদের সঙ্গে বেআইনী অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের সম্পর্ক থাকায় এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অনেক চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় মামলা করার সাহস পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, শেখ হাসিনার বিরুদ্ধে কোরিয়ান যুদ্ধজাহাজ এবং রাশিয়ান মিগ-২৯ উড়োজাহাজ ক্রয়ে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলা দুটি দায়ের করা হয়। বর্তমান মামলাটি
বিচারে দোষী প্রমাণিত হলে হাসিনাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলেন শেখ হাসিনা দায়িত্বকালে সততা, আন্তরিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে সরকার পরিচালনা করেছেন। এমনকি নিজের পৈত্রিক সম্পত্তি পর্যন্ত তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে দান করেছেন।
তারা দাবি করেন, রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে এই বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।
