নিবন্ধন না করলে নৌকা বা ধানের শীষ পাবে না আ’ লীগ, বিএনপি
নিবন্ধন না করলে নৌকা নিয়ে আওয়ামী লীগ বা ধানের শীষ প্রতীকে বিএনপি নির্বাচন করতে পারবে না। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে প্রস্তাবিত নির্বাচন সংস্কার আইনে এমনই বিধান রাখা হচ্ছে। নতুন আইন অনুযায়ী, নিবন্ধন না করলে রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট নির্বাচনী প্রতীক পাবে না।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনী প্রতীকের জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করতে হবে।
এদিকে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, এতদিন ধরে সংরক্ষিত শতাধিক নির্বাচনী প্রতীক বাতিল করা হচ্ছে। নতুন করে নিয়ম মেনে নিবন্ধন করলেই শুধু রাজনৈতিক দলগুলো চাহিদা অনুযায়ী প্রতীক পেতে পারবে।
সাখাওয়াত হোসেন বলেন, “নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো যে সব প্রতীক সংরক্ষণের আবেদন করবে, ঐতিহ্য মেনে তাদের সেগুলো বরাদ্দ করা হবে।”
কোনো দল বিভক্ত হয়ে একটি প্রতীকের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন এ ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবে, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, “কমিশন তখন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
কমিশনের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে আইন করা হবে, আমরা তা মেনে নেব।”
বিএনপির মুখপাত্র নজরুল ইসলাম খানও কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করার বিষয়ে আপত্তির কিছু নেই। রাজনৈতিক তৎপরতা শুরু হলে আমরা নিবন্ধন করে ধানের শীষ প্রতীক বরাদ্দ চাইব।”
কমিশন সূত্র জানায়, নির্বাচনের জন্য এখন যে দেড়শটি প্রতীক রয়েছে, এর মধ্যে ‘বই’ ও ‘উট’ এই দুটি প্রতীক বাতিল করা হচ্ছে। নির্বাচনে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর ক্ষেত্রে এসব প্রতীক যাতে ব্যবহৃত না হতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক নয়। প্রতিবার নির্বাচনের আগে দলগুলো পছন্দের প্রতীক চাইলে ঐতিহ্য মেনে তা বরাদ্দ দেওয়া হয়েছে। একই প্রতীক একাধিক দল বা প্রার্থী চাইলে কমিশন লটারি করে প্রতীক বরাদ্দ করত।
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সংস্কার আইনে প্রার্থীর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও বাধ্যতামূলকভাবে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এ সব শর্তপূরণ করলেই দলগুলোকে নিবন্ধন করা হবে। এছাড়া নিবন্ধনকৃত রাজনৈতিক দলের প্রার্থীকে অন্ততঃ তিন বছর ওই দলের সদস্য থাকারও বিধান আনা হচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
