চট্টগ্রামে যৌথবাহিনীর হেফাজতে বৃদ্ধের আত্মহত্যা
সন্দ্বীপ উপজেলায় যৌথবাহিনীর হেফাজতে সোমবার রাত চারটার দিকে এক বৃদ্ধ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌথবাহিনীর হাতে আটক প্রিয়লাল মজুমদার (৬৫) ভোর চারটার দিকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।
প্রয়াত প্রিয়লালের বাড়ি সন্দ্বীপ উপজেলা সদরের হরিশপুর গ্রামে।
গিয়াসউদ্দিন জানান, “পুত্রবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ এপ্রিল যৌথবাহিনীর সদস্যরা ছেলে নিমাইকে না পেয়ে প্রিয়লালকে গ্রেপ্তার করে। ছেলে নিমাই চন্দ্র মজুমদার দ্বিতীয় বিয়ে করেছে বলে যৌথবাহিনীর কাছে অভিযোগ করেছিলেন পুত্রবধূ।”
প্রিয়লালের লাশ এখন যৌথবাহিনীর হেফাজতে রয়েছে বলে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ম্যাজিস্ট্রেটের পরীক্ষার পর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলাও হবে বলে জানান তিনি।
